মার্কিন মিসাইল হামলায় ইরানে নিহত ৭, বিয়ের অনুষ্ঠানে প্রাণ গেল ৪ জনের
যুক্তরাষ্ট্রের মিসাইল হামলায় ইরানের খুজেস্তান প্রদেশে সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ইরানের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর মধ্যে খুজেস্তান প্রদেশের তিনটি পৃথক এলাকায় হতাহতের ঘটনা ঘটে।
প্রদেশটির ডেপুটি গভর্নরের বরাত দিয়ে ইরানি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, হামলায় সাতজন নিহত হওয়ার পাশাপাশি আরও আটজন আহত হয়েছেন।
এর আগে হরমুজ প্রণালীর সঙ্গে লাগোয়া হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে মিসাইল হামলার শার্পনেল আঘাত হানে। এতে এক শিশুসহ চারজন নিহত হন এবং ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।
রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের মিসাইল হামলার পর হরমুজগান প্রদেশের সিরিকের কুশেতাক শহরের একটি বাড়িতে মিসাইলের শার্পনেল আঘাত করে। ওই বাড়িতে তখন একটি বিয়ের অনুষ্ঠান চলছিল।
ইরান সরকারের প্রকাশিত একটি ভিডিওতে বিয়ের অনুষ্ঠানস্থলে ব্যাপক ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ এবং মার্কিন সেনাদের ওপর হামলার চেষ্টা করছিল। তাদের প্রতিহত করতেই নতুন করে হামলা চালানো হয়েছে।
এদিকে মার্কিন হামলার জবাবে ইরানও বিভিন্ন মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানা গেছে। জর্ডান, বাহরাইন ও কুয়েতেও হামলার কথা জানিয়েছে ইরান। বিয়ের অনুষ্ঠানে হামলায় চারজন নিহত হওয়ার ঘটনায় ইরাকেও মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।
হামলা-পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

কোন মন্তব্য নেই: