নেইমারের জার্সি পাওয়ায় ৮ বছরের শিশুকে গালিগালাজ, নিন্দা জানাল করিন্থিয়ান্স
করিন্থিয়ান্স ও সান্তোসের ম্যাচ শেষে জীবনের অন্যতম সেরা উপহার পেয়েছিল ৮ বছরের এক খুদে ফুটবলপ্রেমী—নেইমারের জার্সি। তবে আনন্দের সেই মুহূর্তের পরই তাকে পড়তে হয় দুঃসহ অভিজ্ঞতায়।
ব্রাজিলের তারকা নেইমার সান্তোসের হয়ে খেলায় ম্যাচটিতে তিনি ছিলেন করিন্থিয়ান্সের প্রতিপক্ষ। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শেষে নেইমারের কাছ থেকে জার্সি নেয় করিন্থিয়ান্সের এক খুদে সমর্থক।
কিন্তু জার্সি পাওয়ার পর ওই শিশু ও তার পরিবারের ওপর করিন্থিয়ান্সের কয়েকজন সমর্থক চড়াও হন বলে অভিযোগ উঠেছে। এমনকি পরিস্থিতির কারণে তাদের পুলিশি প্রহরায় মাঠ থেকে বের করে নিতে হয়।
ভিডিও ফুটেজে দেখা যায়, ওই ভক্ত ও তার পরিবার মাঠ ছেড়ে খেলোয়াড়দের লকার রুমের দিকে যাওয়ার সময়ও তাদের উদ্দেশে গালিগালাজ করা হচ্ছিল।
ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছে করিন্থিয়ান্স। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, মাঠে কিংবা মাঠের বাইরে কোনোভাবেই সীমা লঙ্ঘন করা উচিত নয়। একটি শিশুর বিরুদ্ধে আগ্রাসী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ক্লাবটি আরও জানায়, দলের প্রতি ভালোবাসা, প্রতিদ্বন্দ্বিতা কিংবা ফুটবলের উত্তেজনা কখনোই সম্মান, ভালো আচরণ ও নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না, বিশেষ করে যখন বিষয়টি একটি শিশুকে ঘিরে।
এদিকে ঘটনার পর দুঃখ প্রকাশ করেছেন নেইমারও। তিনি বলেন, ভিন্ন দলের কোনো খেলোয়াড়কে পছন্দ করা একজন শিশুর জন্য কোনো অপরাধ নয়। এভাবে কোনো শিশুর সঙ্গে আচরণ করা উচিত নয়।
রোববারের ম্যাচে সান্তোস ১-০ গোলে করিন্থিয়ান্সকে হারায়। ম্যাচের পর নেইমারের জার্সি পাওয়া শিশুটির আনন্দের মুহূর্তটি শেষ পর্যন্ত ফুটবল মাঠে সমর্থকদের আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

কোন মন্তব্য নেই: