যমুনা ব্যাংকের সাব-অর্ডিনেটেড বন্ডে ৮০০ কোটি টাকা সংগ্রহ
সংগৃহীত অর্থ বাংলাদেশ ব্যাংকের রিভাইজড রেগুলেটরি ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক অনুযায়ী যমুনা ব্যাংকের টিয়ার-২ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করা হবে।
বন্ডটিতে বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারী অংশ নিয়েছেন। মোট বিনিয়োগের ৫০ শতাংশ এসেছে বিভিন্ন ব্যাংক থেকে। ব্যক্তিগত বিনিয়োগকারীরা প্রায় ১০ শতাংশ, করপোরেট বিনিয়োগকারীরা ৯ শতাংশ এবং মিউচুয়াল ফান্ড ৯ শতাংশ বিনিয়োগ করেছে। বাকি অর্থ এসেছে অন্যান্য বিনিয়োগকারীদের কাছ থেকে।
লেনদেন সম্পন্ন হওয়া উপলক্ষে ঢাকায় যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দীন আহমেদ এবং ইউসিবি ইনভেস্টমেন্টের ফাউন্ডিং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউসিবি ইনভেস্টমেন্ট জানিয়েছে, এই লেনদেনের মাধ্যমে ডেট ক্যাপিটাল মার্কেটে তাদের সক্ষমতা আরও শক্তিশালীভাবে প্রমাণিত হয়েছে। গত পাঁচ বছরে প্রতিষ্ঠানটি ৬১টি ইনভেস্টমেন্ট ব্যাংকিং লেনদেন সম্পন্ন করে গ্রাহকদের জন্য ১৭ হাজার কোটি টাকার বেশি মূলধন সংগ্রহ করেছে।
প্রতিষ্ঠানটি ডেট ও ইক্যুইটি ক্যাপিটাল মার্কেট, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন (এমঅ্যান্ডএ), ভ্যালুয়েশন ও পোর্টফোলিও ম্যানেজমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রে সেবা দিয়ে আসছে।

কোন মন্তব্য নেই: