ফ্রাঙ্কফুর্টে যাত্রা শুরু করল ‘ফেনী অ্যাসোসিয়েশন জার্মানি’
প্রবাসীদের কল্যাণে কাজ করা এবং দেশীয় সংস্কৃতির বিস্তারের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ার প্রত্যয়ে জার্মানির বাণিজ্যিক শহর ফ্রাঙ্কফুর্টে যাত্রা শুরু করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘ফেনী অ্যাসোসিয়েশন জার্মানি’।
গত শনিবার (২২ আগস্ট) স্থানীয় একটি মিলনায়তনে জমকালো অভিষেক ও প্রীতি সম্মেলনের মধ্য দিয়ে নবগঠিত সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় আনন্দঘন মিলনমেলায়।
পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় পর্ব এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। ফেনী অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হলেও আমন্ত্রণ পেয়ে বিভিন্ন জেলার প্রবাসী বাংলাদেশিরাও এতে অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের আয়োজন করা হয়। দীর্ঘদিন পর এমন আয়োজনে একত্রিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা। তাদের মতে, এ ধরনের আয়োজন প্রবাসীদের সামাজিক বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি একটি ঐক্যবদ্ধ কমিউনিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনের নেতারা জানান, ফেনী অ্যাসোসিয়েশন জার্মানি শুধু মিলনমেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রবাসীদের কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি প্রয়োজনে বাংলাদেশেও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
এ ছাড়া জার্মানিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের লক্ষ্যেও সংগঠনটি কাজ করবে।
সংগঠনের সভাপতি আনিসুর রেজা সিজারের সার্বিক তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক জামশেদ আলম রানার পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও অভিষেক অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সদস্যদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে আনিসুর রেজা সিজার এবং সাধারণ সম্পাদক হিসেবে জামশেদ আলম রানা দায়িত্ব পেয়েছেন।

কোন মন্তব্য নেই: