নকল ব্যান্ডরোলে সিগারেট উৎপাদন, মানিকগঞ্জে বিউটি টোব্যাকো কারখানা সিলগালা
বুধবার (২৬ আগস্ট) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এনবিআর জানায়, গত ১১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, মানিকগঞ্জের একটি যৌথ দল শিবালয়ে অবস্থিত বিউটি টোব্যাকো কোম্পানির কারখানায় অভিযান চালায়।
অভিযানে কিং ব্লাক, ডি অ্যান্ড জি, ডলার, সেনর গোল্ড ও বার্বি ব্র্যান্ডের ৩ লাখ ৭০ হাজার শলাকা সিগারেট এবং ১৩ হাজার পিস অব্যবহৃত স্ট্যাম্প ব্যান্ডরোল জব্দ করা হয়।
জব্দ করা সিগারেট ও ব্যান্ডরোলের সত্যতা যাচাইয়ের জন্য ১২ আগস্ট নমুনা গাজীপুরের দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিমিটেডে পাঠানো হয়। পরে ২৩ আগস্ট প্রতিষ্ঠানটি পরীক্ষার প্রতিবেদন দেয়।
প্রতিবেদনে জানানো হয়, ডলার ব্র্যান্ডের সিগারেটের গায়ে ব্যবহৃত স্ট্যাম্প ব্যান্ডরোল এবং জব্দ করা অব্যবহৃত ব্যান্ডরোল নকল।
এনবিআর আরও জানায়, জব্দ করা ৩ লাখ ৭০ হাজার শলাকা সিগারেটের মধ্যে ৯০ হাজার শলাকায় নকল ব্যান্ডরোল ব্যবহার করা হয়েছিল। পাশাপাশি ১৩ হাজার পিস অব্যবহৃত নকল ব্যান্ডরোলও উদ্ধার করা হয়।
এসব নকল ব্যান্ডরোল ব্যবহারের মাধ্যমে প্রায় ১১ লাখ ৩২ হাজার টাকার শুল্ক-কর ফাঁকির চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।
এ ঘটনায় বিউটি টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪-এর ২৫এ, ২৫বি, ২৫ডি ও ২৫ই ধারায় মানিকগঞ্জের শিবালয় থানায় ফৌজদারি মামলা করা হয়েছে।
মামলা দায়েরের পাশাপাশি কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ করে সেটি সিলগালা করা হয়েছে।
এনবিআর জানিয়েছে, অবৈধ তামাকজাত পণ্যের উৎপাদন, মজুদ ও বাজারজাতকরণের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই: