Header Ads

Breaking News
recent

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

 


বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে ভিসার সাক্ষাৎকার আপাতত স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। নতুন ভিসা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি পুনর্নির্ধারণ করা হবে বলে আবেদনকারীদের জানানো হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৫ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, দূতাবাস ও কনস্যুলেটে কর্মরত কূটনীতিক ও ভিসা কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রশিক্ষণ কবে শেষ হবে বা ভিসা সাক্ষাৎকার কবে থেকে আবার নিয়মিতভাবে শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো হয়নি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কূটনীতিক ও ভিসা কর্মকর্তাদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা এমন ব্যক্তিদের ভিসা না দেন যারা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দেশটির সরকারের বিভিন্ন সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন।

ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিতের বিষয়টি নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে ফিন্যান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, অনেক আবেদনকারী মার্কিন দূতাবাস ও কনস্যুলেট থেকে ই-মেইল পেয়েছেন এবং তাদের নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট পুনঃনির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটির অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অভিবাসন নিয়ন্ত্রণের পাশাপাশি ভিসা প্রদান প্রক্রিয়াতেও বিভিন্ন পরিবর্তন আনা হচ্ছে।

ট্রাম্প প্রশাসনের নীতির আওতায় কাগজপত্রবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান ও প্রত্যাবাসন কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে কিছু আবেদনকারীর রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডও ভিসা যাচাইয়ের ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

এ ছাড়া দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বৈধ অভিবাসীদের মধ্যেও নতুন অভিবাসন নীতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভিসা ও অভিবাসন নীতিতে পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের পাশাপাশি দেশটিতে বসবাসরত অভিবাসীরাও পরিস্থিতির দিকে নজর রাখছেন।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.