ইরানি জেনারেলের হুঁশিয়ারি: আরব দেশ থেকে মার্কিন সেনা না সরালে হামলা
যুক্তরাষ্ট্রের সেনাদের আরব দেশগুলো থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। মার্কিন সেনাদের ঘাঁটি থেকে সরিয়ে না নিলে সংশ্লিষ্ট দেশগুলো ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছেন বাহিনীটির রাজনৈতিক শাখার উপপ্রধান জেনারেল ইয়াদুল্লাহ জাভানি।
বুধবার (২ সেপ্টেম্বর) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
ইয়াদুল্লাহ জাভানি বলেন, নিজেদের দেশ থেকে মার্কিন সেনাদের বিতাড়িত করে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়াই সংশ্লিষ্ট দেশগুলোর জন্য ভালো হবে। ইরানের সামরিক বাহিনী প্রমাণ করেছে, যেখান থেকে ইরানের ওপর হামলা চালানো হবে, সেখানেই কঠোর জবাব দেওয়া হবে।
এ সময় বিশেষ করে কুয়েত, বাহরাইন ও জর্ডানের নাম উল্লেখ করেন তিনি।
এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানোর পর তেহরান পাল্টা পদক্ষেপ হিসেবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে ইরানি সূত্রগুলো জানিয়েছে।
এদিকে বাহরাইনে আবারও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার খবর পাওয়া গেছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় ঘণ্টার মধ্যে তৃতীয়বারের মতো সেখানে সতর্কতামূলক সাইরেন বাজে। এ সময় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানে হতাহতের ঘটনাও ঘটেছে। বিভিন্ন প্রতিবেদনে এখন পর্যন্ত ১১ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় চারজন এবং খুজেস্তান প্রদেশে সাতজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। ফলে হতাহত ও হামলার সংখ্যা নিয়ে পরবর্তী সময়ে তথ্য পরিবর্তিত হতে পারে।

কোন মন্তব্য নেই: