আবারও চোটে বর্ষণ, দুই মাসের বিশ্রামে তরুণ পেসার
দক্ষিণ আফ্রিকায় ত্রিদলীয় সিরিজে বল হাতে দারুণ পারফরম্যান্স করে আলোচনায় এসেছিলেন বাংলাদেশের তরুণ পেসার রোহানতদৌলা বর্ষণ। প্রতিপক্ষ ব্যাটারদের ওপর নিজের বোলিং দিয়ে চাপ তৈরি করা এই পেসারকে নিয়ে এবার নতুন করে দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পিঠের নিচের অংশের ব্যথার কারণে প্রায় ১৫ মাস মাঠের বাইরে ছিলেন ২১ বছর বয়সী বর্ষণ। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরলেও আবারও পুরোনো চোটের কারণে মাঠের বাইরে যেতে হচ্ছে তাকে।
দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে বর্ষণ বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের হয়ে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে যোগ দেন। তবে পুরোনো ব্যথা ফিরে আসায় কোনো ম্যাচেই মাঠে নামতে পারেননি তিনি।
পরে অস্ট্রেলিয়ার চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি স্ক্যান করানো হয়। স্ক্যানের রিপোর্টে গুরুতর কোনো সমস্যা ধরা না পড়লেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আরও দীর্ঘ সময় বিশ্রামে থাকতে হবে। সব মিলিয়ে প্রায় দুই মাস বিশ্রামে থাকতে হচ্ছে এই তরুণ পেসারকে।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, ইনজুরি শঙ্কার কারণে আপাতত বর্ষণকে শুধু টি-টোয়েন্টি ক্রিকেটের পরিকল্পনায় রাখা হবে। বয়স ২৩ বছর না হওয়া পর্যন্ত তার চোটের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রাখা হবে বলেও জানা গেছে। ফলে এই সময়ে জাতীয় দলে নিয়মিত খেলার পথও তার জন্য কঠিন হতে পারে।
বিশ্রামের সময় জিম সেশন, রানিংসহ নির্দিষ্ট কিছু পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাবেন বর্ষণ। সবকিছু ঠিক থাকলে আগামী ‘বাংলাদেশ ফার্স্ট’ টুর্নামেন্ট দিয়ে আবার ক্রিকেটে ফেরার সম্ভাবনা রয়েছে তার।
দীর্ঘদিন পর চলতি বছরে মাঠে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফরম্যান্স করেছিলেন বর্ষণ। এরপর এইচপি দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডেতে ১২ উইকেট শিকার করেন তিনি। সেই পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সুযোগ পেলেও পুরোনো চোটের কারণে এবার আর মাঠে নামা হয়নি তার।

কোন মন্তব্য নেই: