Header Ads

Breaking News
recent

পঞ্চগড়ে ট্যাংকলরির ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩

 


পঞ্চগড়ের বোদায় ট্যাংকলরির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়ার পর পেছন থেকে আসা একটি ট্রাকের চাপায় শহিদুল ইসলাম (৩৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের বোদা উপজেলার নাজিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার খোলাপাড়া এলাকার শামসুদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন যাত্রী নিয়ে পঞ্চগড় থেকে বোদা বাজারের দিকে যাচ্ছিলেন শহিদুল ইসলাম। নাজিরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্যাংকলরি অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক শহিদুল সড়কের ওপর ছিটকে পড়েন।

এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলামের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্যাংকলরি ও ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনায় আহত তিন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.