Header Ads

Breaking News
recent

রাষ্ট্রপতি ইস্যুতে এনসিপিকে কটাক্ষ রাশেদ খাঁনের, ‘ভুল স্বীকার করে জাতির কাছে দুঃখ প্রকাশ করা উচিত’




জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও গণঅভ্যুত্থানের নেতাদের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেওয়ার মাধ্যমে তাকে নতুনভাবে বৈধতা দিয়েছিল। এ কারণে এখন তার বিচার দাবি করা রাজনৈতিকভাবে অসংগত বলে মন্তব্য করেন তিনি।


শুক্রবার (২৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে রাশেদ খাঁন এ মন্তব্য করেন।


তিনি লেখেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দায়মুক্তি ভোগ করেন। তার দাবি, নাহিদ ইসলামরা যদি সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছ থেকে শপথ না নিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করতেন, তাহলে রাষ্ট্রপতির দায়মুক্তির প্রশ্ন উঠত না এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকত।


রাশেদ খাঁনের ভাষ্য, রাষ্ট্রপতির হাত থেকে শপথ গ্রহণের মাধ্যমে অন্তর্বর্তী সরকার কার্যত তাকে ক্ষমা করে নতুন বৈধতা দিয়েছে। তাই পরে আবার তার বিচার দাবি করা যৌক্তিক নয়।


তিনি আরও বলেন, এ বিষয়ে ভুল হয়ে থাকলে নাহিদ ইসলামদেরই জাতির কাছে তা স্বীকার করে দুঃখ প্রকাশ করা উচিত। এখন রাষ্ট্রপতির বিচার দাবি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বকালেই কেন রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তার ভাষায়, দায়িত্বে বহাল রেখে সুবিধা নেওয়ার পর এখন বিচার দাবি করা হাস্যকর।


এর আগে অসুস্থতাজনিত কারণে রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর তাকে গ্রেপ্তারের দাবি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কয়েকজন নেতা।


নেত্রকোনার এক পথসভায় নাহিদ ইসলাম বলেন, নির্বাচিত হওয়ার পরপরই রাষ্ট্রপতিকে অপসারণ করা উচিত ছিল। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে রাষ্ট্রপতির পদত্যাগের ব্যবস্থা করা হয়েছে এবং কোনো অজুহাতে তিনি যেন দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবিও জানান তিনি।


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.