Header Ads

Breaking News
recent

চাঁদার টাকা না পেয়ে জুমার নামাজ শেষে প্রবীণসহ স্বজনদের ওপর সশস্ত্র হামলা, আহত ৫


চাঁদপুরের হাইমচর উপজেলায় চাঁদার দাবিকৃত টাকা না পেয়ে জুমার নামাজ শেষে এক প্রবীণ ব্যক্তি ও তার স্বজনদের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শুক্রবার (২৪ জুলাই) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে হাইমচর থানার পূর্ব ভিঙ্গুলিয়া এলাকার বাইতুন নূর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।


অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় কালু গাজী দীর্ঘদিন ধরে মান্নান শেখের (৬২) কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে একাধিকবার প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।


শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে কাঁচা রাস্তায় উঠলে কালু গাজী ও তার সহযোগীরা মান্নান শেখের পথরোধ করে পুনরায় চাঁদা দাবি করে। তিনি অস্বীকৃতি জানালে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ।


অভিযোগে বলা হয়েছে, হামলার সময় ধারালো রামদা দিয়ে মান্নান শেখের মাথায় কোপ দেওয়া হলে তার মাথার খুলি ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। একই সঙ্গে অন্যান্য হামলাকারীরা লোহার পাইপ ও রড দিয়ে তাকে মারধর করে।


মান্নান শেখকে রক্ষা করতে এগিয়ে এলে তার দুই ভাই আব্বাস শেখ (৬৮) ও মোজাফফর শেখ (৬৫) এবং ভাতিজা জসিম শেখ (৩০)-এর ওপরও হামলা চালানো হয়। এতে আব্বাস শেখ ও জসিম শেখের মাথায় গুরুতর জখম হয় এবং মোজাফফর শেখ রডের আঘাতে আহত হন। হামলার সময় তাদের বাঁচাতে এগিয়ে আসা প্রতিবেশী শিশু শাহজাহান তফাদার (১০)কেও মারধর করা হয়।


স্থানীয় মুসল্লি ও পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।


ঘটনার পর মান্নান শেখের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে হাইমচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, চাঁদা না দেওয়ায় পূর্বপরিকল্পিতভাবে তার স্বামী ও পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।


হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


কীওয়ার্ড:

হাইমচর, চাঁদপুর, চাঁদাবাজি, সশস্ত্র হামলা, মান্নান শেখ, কালু গাজী, হাইমচর থানা, চাঁদপুর জেনারেল হাসপাতাল

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.