মিয়ানমারের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, ফ্লাইট বাতিল
মিয়ানমারের দ্বিতীয় প্রধান শহর মান্দালয়ের তাড়া-উ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে। বৃহস্পতিবার হামলার পর বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। শুক্রবারও বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে।
দেশটির সরকারি বিমান পরিষেবা সংস্থা মিয়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল তাদের ফেসবুক পেজে হামলার তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির ব্যাংকক দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, বিমানবন্দর বন্ধ থাকায় ১১ ও ১২ ডিসেম্বরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত দৈনিক গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার তাড়া-উ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ছয়টি ফার্স্ট-পারসন-ভিউ (এফপিভি) আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করা হয়। হামলার দায় গণতন্ত্রপন্থি সশস্ত্র রাজনৈতিক সংগঠন পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) স্বীকার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হামলার কারণে কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইটের সময়সূচিতে বিঘ্ন ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানবন্দরের কোনো যানবাহন, উড়োজাহাজ বা রানওয়েরও ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।
মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, হামলার সময় বিমানবন্দরে দেশটির সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান ছিল। সেটিকে লক্ষ্য করেই ড্রোনগুলো নিক্ষেপ করা হয় বলে ধারণা করা হচ্ছে।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে সরিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর মিয়ানমারে রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র সংঘাত শুরু হয়। দীর্ঘ সামরিক শাসনের পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে সাবেক সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং প্রেসিডেন্ট হন। তবে নির্বাচন অনুষ্ঠিত হলেও দেশটিতে এখনো স্থিতিশীলতা ফেরেনি।

কোন মন্তব্য নেই: