চট্টগ্রামে শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত ১, গুরুতর আহত শিশু
চট্টগ্রাম নগরের ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় রাহাত (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কান্তি দে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, রেললাইনের ওপর থাকা শিশুটিকে বাঁচাতে গিয়ে ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় নিহত হন। শিশুটিও এতে আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন এবং তারা নিহত ও আহতদের পরিচয় ও ঠিকানা সংগ্রহ করছেন।
নিহত দেলোয়ার হোসেন মিন্টু পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন বলে জানা গেছে। আহত রাহাত পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার আব্দুল মালেক সাহেবের বাসার মো. ফারুকের ছেলে।
দুর্ঘটনার পর রাহাতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
রাহাতের বাবা মো. ফারুক জানান, জুমার নামাজের পর তার ছেলে ২০ টাকা নিয়ে চটপটি খেতে বের হয়েছিল। ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়েছে। বাবার ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনায় শিশুটির হাত ও পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোন মন্তব্য নেই: