ফ্রান্সের প্রাথমিক স্কোয়াডে চমক, ডাক পেলেন চার নবাগত
চূড়ান্ত দল ঘোষণার এক সপ্তাহ আগে প্রাথমিকভাবে ডাক পাওয়ার তালিকায় বেশ কয়েকজন নতুন মুখের নাম উঠে এসেছে। ফুট মের্কাটোর প্রতিবেদনে বলা হয়েছে, রেনেসের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পর ফ্রান্সের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন এস্তেবান লেপল।
২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড গত মৌসুমে ফরাসি লিগে ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন তিনি। তিন ম্যাচে করেছেন তিন গোল। ইউরোপিয়ান ফুটবলে এখনো খুব বেশি অভিজ্ঞতা না থাকলেও রেনেসের হয়ে এবার প্রথমবার ইউরোপা লিগে খেলার সুযোগ পাবেন লেপল।
প্রাথমিক তালিকায় আরও আছেন পাবলো পাগিস। রেনেস অ্যাকাডেমির এই গ্র্যাজুয়েট গত মৌসুমে লরিয়েঁর হয়ে ১০ গোল করার পাশাপাশি পাঁচটির বেশি অ্যাসিস্ট করেছেন। ২৩ বছর বয়সী লেফট উইঙ্গার চলতি গ্রীষ্মে প্যারিস এফসিতে যোগ দিয়েছেন এবং দ্রুতই শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন।
এ ছাড়া ইসমাইলো গানিওর নামও রয়েছে তালিকায়। এক বছরেরও কম সময়ের মধ্যে ফরাসি লিগে নির্ভরযোগ্য ডিফেন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তবে জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে তাকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে।
নতুন মুখদের মধ্যে রয়েছেন অ্যান্ডি দিওফও। ইন্টার মিলানের হয়ে মৌসুমের শুরু থেকেই ভালো ফর্মে থাকা এই রাইট উইঙ্গার এবার ফ্রান্সের সিনিয়র দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি করেছেন।
তবে প্রাথমিক তালিকায় জায়গা পাওয়ার পরও শেষ পর্যন্ত এই চার খেলোয়াড়ের সবাই চূড়ান্ত স্কোয়াডে থাকবেন কি না, সেটিই এখন বড় প্রশ্ন। জিদানের প্রথম দল ঘোষণার পরই এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই: