বিশ্বকাপের আগে সেরা দল গড়তে পারফরম্যান্সকে গুরুত্ব দিচ্ছেন নান্নু
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া তেমন কোনো সাফল্য দেখাতে পারেনি বাংলাদেশ। এবার সামনে আরেকটি ওয়ানডে বিশ্বকাপ। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে বসবে এই মেগা আসর। টুর্নামেন্টের আগে দল গুছিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিনহাজুল আবেদিন নান্নু।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেন, সামনে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি সিরিজ ও ওয়ানডে ম্যাচ রয়েছে। এসব ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যবেক্ষণ করে সম্ভাব্য সেরা দল বেছে নিতে হবে। নাম বা অতীত পরিচয়ের দিকে না তাকিয়ে শেষ ১০ ইনিংসে কে কেমন খেলছেন, সেটিই বিবেচনায় রাখা জরুরি।
নান্নুর মতে, শুধু পারফরম্যান্স নয়, আন্তর্জাতিক ক্রিকেটের চাপ ও পরিবেশের সঙ্গে একজন খেলোয়াড় কতটা মানিয়ে নিতে পারছেন, সেটিও গুরুত্বপূর্ণ। এসব বিষয় মূল্যায়ন করেই বিশ্বকাপের জন্য সেরা স্কোয়াড প্রস্তুত করতে হবে।
২০২৩ সালে জাতীয় দলে সুযোগ পাওয়া ওপেনার তানজিদ হাসান তামিমের উদাহরণও তুলে ধরেছেন সাবেক এই প্রধান নির্বাচক। অভিষেকের সময় নানা সমালোচনা থাকলেও বর্তমানে তিন ফরম্যাটেই দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হয়ে উঠেছেন তানজিদ।
নান্নু বলেন, নির্বাচক ও কোচদের ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রতিভা খুঁজে বের করতে হবে। আগামী চার-পাঁচ বছরের পরিকল্পনায় তরুণদের সুযোগ দিতে হবে। তানজিদ হাসান তামিমকে নিয়ে ২০২৩ সালে যখন চিন্তা করা হয়েছিল, তখন অনেক সমালোচনা হয়েছিল। কিন্তু এখন তিনি প্রায় প্রতিষ্ঠিত খেলোয়াড়।
তিনি আরও বলেন, দেশের ক্রিকেটের দীর্ঘমেয়াদি স্বার্থে নির্বাচকদের ঝুঁকি নিতেই হবে। এমন প্রতিভা চিহ্নিত করতে হবে, যারা আগামী পাঁচ থেকে সাত বছর জাতীয় দলের হয়ে ভালো ক্রিকেট উপহার দিতে পারবেন।

কোন মন্তব্য নেই: