রাজ্জাক দেওয়ানকে উৎসর্গ করে টিএসসিতে মরমি গানের উৎসব
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবে মোট ১৫ জন শিল্পী গান পরিবেশন করবেন। তাদের মধ্যে রয়েছেন জনপ্রিয় লোকশিল্পী বগা তালেব, খোকন চিশতি, মারুফ মৃন্ময়, আকাশ গায়েন, কাওসার আহমেদ বিজন, আঁধারী মিলন, জয়িতা অর্পা, ইমরান হোসাইন, তমাল অনার্য, অভিবাসন দাস, নবীন কিশোর গোস্বামী, লানজু খান, রহমান জনি, শিমুল কুম্ভকার ও মাহবুব খালাসী।
টিএসসির সঞ্জীব চত্বরে বসবে এই গানের আসর। উৎসব উপলক্ষে একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে। পোস্টারটি ৫০ টাকা শুভেচ্ছামূল্যে সংগ্রহ করা যাবে।
আয়োজন প্রসঙ্গে শিল্পী বগা তালেব বলেন, মরমি সাধকদের নিয়ে এ ধরনের উৎসব আরও বেশি আয়োজন হওয়া উচিত। ‘হারিকেন’ নামের একটি সংগঠন এ আয়োজন করায় তিনি তাদের ধন্যবাদ জানান। তিনি জানান, রাজ্জাক দেওয়ানকে উৎসর্গ করে তার কয়েকটি গানও পরিবেশন করবেন।
রাজ্জাক দেওয়ান বাংলাদেশের মরমি সংগীতের অন্যতম পরিচিত নাম। ১৯৩০ সালের ২৭ আগস্ট ঢাকার কেরানীগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। দেহতত্ত্ব ও আধ্যাত্মিক গানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। সহজ-সরল ভাষায় গভীর দর্শন ও জীবনবোধ প্রকাশ করাই ছিল তার গানের অন্যতম বৈশিষ্ট্য।
তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘মদ খেয়েছি মাতাল হয়েছি’, ‘ভুল বুঝে চলে যাও’, ‘সুখ পাখিটা গেছে মারা’ এবং ‘দুনিয়া মায়ার খেলা’। দীর্ঘ সংগীতজীবনে তিনি অসংখ্য গান রচনা করেন। ২০০৩ সালের ১৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন এই মরমি সাধক।

কোন মন্তব্য নেই: