রাতারাতি আইনশৃঙ্খলায় বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
রাতারাতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংঘটিত এমন কোনো অপরাধের ঘটনা নেই, যার পর পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বা বিচারের আওতায় আনতে পারেনি।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে যে আইনশৃঙ্খলা বাহিনী ও পরিস্থিতি সরকার উত্তরাধিকারসূত্রে পেয়েছে, তার পাশাপাশি জনগণের ব্যাপক প্রত্যাশাকেও বিবেচনায় নিতে হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন, সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য তাদের উদ্বুদ্ধ করার কাজ একসঙ্গে চলছে।
সরকারের ছয় মাসের কার্যক্রম তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্ব নেওয়ার পর জাতীয়ভাবে আলোচিত কিংবা অনালোচিত বিভিন্ন অপরাধের ঘটনায় পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার সময় পুলিশসহ বিভিন্ন বাহিনীর মনোবল ভঙ্গুর অবস্থায় ছিল। গত ছয় মাসে তাদের অবস্থার উন্নতি হয়েছে এবং সদস্যদের মনোবল ফিরে এসেছে। ফলে তারা পূর্ণ শক্তি দিয়ে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছেন।
পুলিশকে আরও জনবান্ধব বাহিনীতে পরিণত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশের পুলিশ বাহিনী জনগণের প্রত্যাশিত ও জনবান্ধব বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও জানান, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনি কাঠামোতেও পরিবর্তন আনা হচ্ছে। একই সঙ্গে বাহিনীগুলোর জবাবদিহিতা ও কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে সদস্যদের পুরস্কার, সনদ ও পদক দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সম্ভব নয়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বিশেষ করে অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে বাহিনীগুলোকে সহযোগিতা করার অনুরোধ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কোন মন্তব্য নেই: