পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুন, পুড়ে মারা গেছে ১৫ নবজাতক
পাকিস্তানের ইসলামাবাদে একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোর ৬টা ৪৫ মিনিটের দিকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিমস) আওতাধীন হাসপাতালের গায়নোকোলজি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ও ডনের বরাতে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় ওই ওয়ার্ডে মোট ১৬ জন শিশু ছিল। আগুনের ভয়াবহতায় তাদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়। মাত্র একজন শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
হাসপাতালের গায়নোকোলজি ওয়ার্ডটি ভবনের চতুর্থ তলায় অবস্থিত। ইসলামাবাদ পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নবজাতকদের রাখার কক্ষের একটি এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই নবজাতকদের কক্ষটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়।
হাসপাতালের মুখপাত্র ডা. আনীজা জলিল জানান, আগুন লাগার পর কয়েকজন চিকিৎসক দ্রুত ওই কক্ষে ছুটে যান। তারা একজন শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে আগুনের তীব্রতার কারণে অন্য শিশুদের উদ্ধার করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনার কারণ খতিয়ে দেখতে ইসলামাবাদ পুলিশ ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তের মাধ্যমে আগুনের প্রকৃত কারণ এবং এতে কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা নির্ধারণ করা হবে।

কোন মন্তব্য নেই: