Header Ads

Breaking News
recent

“দেশের মানুষ বদলালে তবেই দেশ বদলাবে”: সামাজিক যোগাযোগ মাধ্যমে আফজাল হোসেনের উষ্মা



চারপাশে মনভরা সন্দেহ, অসন্তুষ্টি আর চরম স্বার্থপরতা। ভালো কোনো খবরের চেয়ে অন্যের সমালোচনা আর মন্দ খবরে মেতে থাকাতেই যেন পরমানন্দ! সমাজ ও মানুষের এমন সংকীর্ণ মানসিকতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন দেশের বরেণ্য অভিনেতা ও নির্দেশক আফজাল হোসেন।

ফেসবুকে এক দীর্ঘ ও আবেগী স্ট্যাটাসে নিজের অনুভূতির কথা জানিয়ে আফজাল হোসেন লেখেন, “আমাদের কী হবে? মন ভর্তি সন্দেহ, অসন্তুষ্টি, স্বার্থপরতা, অপরকে খাটো করে দেখার প্রবণতা আর অতি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে নিজ বা দেশের ভালো চাইলে, কপালে কখনোই কি ভালো জুটবে? ভালো কিছুতে আমরা সম্মানিতবোধ করি না। কোনো ভালো খবর আমাদের গর্বিত করে না। আমরা আগ্রহী মন্দ খবর শুনতে, দেখতে এবং পরমানন্দে সেই মন্দ নিয়ে রসিয়ে রসিয়ে গল্প করতে।”

সমাজের বর্তমান ঢালাও বিচারকসুলভ মানসিকতার কঠোর সমালোচনা করে তিনি আরও লেখেন, “পরনিন্দা, সমালোচনা আমাদেরকে উজ্জীবিত রাখে। অবিশ্বাসে মনে সুখ পাই। গুরুত্বপূর্ণ হয়ে ওঠার জন্য সগৌরবে অসভ্যতা করি। অসভ্যতা করাকে এখন বাহাদুরি মনে করা হয়। হাবভাব দেখে মনে হয়, মায়ের পেট থেকে অনেকেই বিচারক বনে বেরিয়েছি। দেশের যেকোনো ঘটনা বা মানুষের বিচার করতে আমরা সদাপ্রস্তুত।”

নিজের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লার এক অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে আফজাল হোসেন লেখেন, “রুনা লায়লার একক সঙ্গীতানুষ্ঠান হবে শিল্পকলা একাডেমিতে, যার উপস্থাপনা করার কথা আমার। বহু চেনা মানুষ জিজ্ঞাসা করেছেন— ‘উনি কি গাইবেন নাকি গান চালিয়ে ঠোঁট মেলাবেন?’ যারা প্রশ্ন করেছেন, তাঁরা রুনা লায়লাকে শিল্পী হিসেবে শ্রদ্ধা করলেও উড়ো কথায় বিশ্বাস করেন। বিশ্বাস নড়বড়ে বলেই সন্দেহ প্রকাশে সুখ পান। এতে একজন অসাধারণ শিল্পীকে কতটা অশ্রদ্ধা করা হলো, তা বুঝতে তাঁদের হয়তো আরেকটা জন্ম লাগবে।”

শুধু ব্যক্তিপর্যায় নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নানা বড় অর্জনকে খাটো করে দেখার মানসিকতা নিয়েও উষ্মা প্রকাশ করেন এই গুণী তারকা। কান চলচ্চিত্র উৎসবে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার ইতিহাস গড়ার দিনগুলোর কথা স্মরণ করে তিনি লেখেন, “অনেকে বলেছিলেন কত টাকা দিয়ে সিনেমাটা সেখানে পাঠানো হয়েছে? ঘুষ শব্দটা ব্যবহার না করলেও পরিষ্কার বোঝা যায়, কতটা হীনমন্যতায় ভোগা অসভ্য মানুষ চারপাশে কিলবিল করছে! এরা নিজেদের অতি বুদ্ধিমান ভাবলেও কথায় ও আচরণে ধরা পড়ে তারা আসলে কেমন।”

বাংলাদেশিদের হিমালয় জয় কিংবা ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তরুণ নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার মনোনীত হওয়ার মতো গর্বের খবরগুলো সাধারণ মানুষের কাছে কেন ‘পানসে’ মনে হয়, তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে আফজাল হোসেন উল্লেখ করেন যে, আমাদের সমাজ এখন সস্তা ‘তেল-মসলা’ দেওয়া চটকদার খবর আর নেতিবাচকতায় বুঁদ হয়ে আছে।

স্ট্যাটাসের শেষে বর্তমান প্রেক্ষাপটের দিকে ইঙ্গিত করে বরেণ্য এই ব্যক্তিত্ব লেখেন, “ভাবসাব দেখে মনে হয়, পদত্যাগের মতো মহান পরিবর্তনের পর মানুষ ও দেশ তুড়িতেই বদলে যাবে! তবে আসল কথা হলো, দেশের মানুষ বদলালে তবেই দেশ বদলাবে।”

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.