ডেমরায় ৭০ হাফেজে কোরআনকে সংবর্ধনা দিল মাদ্রাসা আবু হুরায়রা

ডেমরায় ৭০ হাফেজে কোরআনকে সংবর্ধনা দিল মাদ্রাসা আবু হুরায়রা


রাজধানীর ডেমরায় একসঙ্গে ৭০ জন হাফেজে কোরআনকে সংবর্ধনা দিয়েছে মাদ্রাসা আবু হুরায়রা (রহ.)। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষার্থীদের অর্জন তুলে ধরতে প্রতিষ্ঠানটি আয়োজন করে ‘৭০ জন হাফেজে কোরআনের সেলিব্রেশন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’।

শনিবার (৩১ অক্টোবর) ডেমরার মধুবাগ, পাড়াডগার এলাকায় মাদ্রাসাসংলগ্ন বালুর মাঠে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে শিক্ষা প্রদর্শনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। রাতে মূল পর্বে ৭০ জন হাফেজে কোরআনকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি। প্রধান মেহমান ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ নবী উল্লাহ নবী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা আবু হুরায়রা (রহ.)-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মাওলানা মোহাম্মদ মুসা খান। ৭০ জন হাফেজে কোরআনকে পাগড়ি পরিয়ে দেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহ বাকী আন-নদভী।

ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ের ওপর গুরুত্ব

বক্তারা তাঁদের বক্তব্যে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

প্রধান অতিথি মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে তোলার উদ্যোগ গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করতে পারে।

প্রধান মেহমান নবী উল্লাহ নবী বলেন, কোরআনের হাফেজ তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের সাধারণ শিক্ষায় এগিয়ে নেওয়ার উদ্যোগ সময়োপযোগী। এ ধরনের প্রতিষ্ঠান সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে।

বিশেষ মেহমান ফেরদৌস হোসেন রনিও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয়ের ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, দুই ধারার শিক্ষার সমন্বয় ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হতে পারে।

সভাপতির বক্তব্যে মুফতি মাওলানা মোহাম্মদ মুসা খান বলেন, শিক্ষার্থীদের কোরআনের হাফেজ হওয়ার পাশাপাশি সাধারণ শিক্ষায় দক্ষ করে গড়ে তোলাই প্রতিষ্ঠানের লক্ষ্য। ৭০ শিক্ষার্থীর এই অর্জন প্রতিষ্ঠানটির সম্মিলিত প্রচেষ্টার ফল বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষা প্রদর্শনীতে শিক্ষার্থীদের পরিবেশনা

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদেরও সম্মাননা দেওয়া হয়। দিনব্যাপী শিক্ষা প্রদর্শনীতে শিক্ষার্থীরা নিজেদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা তুলে ধরে। এতে কোরআন তিলাওয়াত, হামদ-নাত, ইংরেজি বক্তব্য, শিক্ষামূলক ও বিষয়ভিত্তিক নাটিকা, গজলসহ বিভিন্ন পরিবেশনা ছিল।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ‘সিরাত মিউজিয়াম’। এর মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও সীরাতের গুরুত্বপূর্ণ বিষয় দর্শনার্থীদের সামনে উপস্থাপন করা হয়।

প্রতিষ্ঠানটির দাবি, সাধারণ শিক্ষার সঙ্গে হিফজ শিক্ষার সমন্বয়ে এ ধরনের শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে তারা অগ্রণী ভূমিকা রাখছে। এ ধারাবাহিকতায় ২০২৭ সালে কওমি শিক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানটির ৪০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে বলেও জানানো হয়েছে।


0 Response to "ডেমরায় ৭০ হাফেজে কোরআনকে সংবর্ধনা দিল মাদ্রাসা আবু হুরায়রা"

একটি মন্তব্য পোস্ট করুন