হামলায় আহত জামায়াত নেতাকে দেখতে হাসপাতালে শফিকুর রহমান
রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা জেলা শাখার সাবেক সহকারী সেক্রেটারি শামীম আহসানকে দেখতে গেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৬ অক্টোবর) হাসপাতালে গিয়ে তিনি আহত নেতার চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল জোনের দায়িত্বশীলরা তাঁর সঙ্গে ছিলেন। ডা. শফিকুর রহমান কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন এবং শামীম আহসানের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে পরামর্শ দেন। পরে উপস্থিত ব্যক্তিদের নিয়ে তিনি আহত নেতার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, জাতীয়তাবাদী দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্নভাবে মানুষকে হয়রানি করছেন। তিনি বলেন, এর আগেও একজনের পা ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া অনেকের বাড়িঘরে হামলা, দোকানপাটে লুটপাট এবং ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনার তালিকা তাঁদের কাছে রয়েছে বলেও জানান তিনি।
জামায়াত আমির বলেন, শামীম আহসানের ওপর হামলার ঘটনার পরপরই তিনি সরকারদলীয় চিফ হুইপকে ফোন করেছেন। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান। সরকার যথাযথ তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, তাঁরা দেশে আর এ ধরনের ঘটনা দেখতে চান না। তাঁর ভাষায়, কাউকে ফুলের পাপড়ি দিয়েও আঘাত করা উচিত নয়। রাজনীতি হতে হবে রাজনৈতিক আদর্শ ও কর্মসূচির ভিত্তিতে, সন্ত্রাসের মাধ্যমে নয়। প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ ও কর্মসূচি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, দেশে সুস্থ ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করা প্রয়োজন। কোনো বিষয়ে কারও বক্তব্য বা অভিযোগ থাকলে তা জাতীয় সংসদে তুলে ধরার সুযোগ রয়েছে। তিনি সবাইকে সুস্থ ধারার রাজনীতি চর্চা করার আহ্বান জানান।
0 Response to "হামলায় আহত জামায়াত নেতাকে দেখতে হাসপাতালে শফিকুর রহমান"
একটি মন্তব্য পোস্ট করুন