বেলুচিস্তানে ৫.৭ মাত্রার ভূমিকম্প

বেলুচিস্তানে ৫.৭ মাত্রার ভূমিকম্প


 পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টা ৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল খুজদার জেলা থেকে ৪৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

পাকিস্তানের আবহাওয়া দপ্তরের সিসমিক শাখা এক বিবৃতিতে ভূমিকম্পের এ তথ্য জানিয়েছে। দেশটির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের কাছাকাছি হওয়ায় খুজদার এবং পার্শ্ববর্তী খারান ও কালাত জেলায় তীব্র কম্পন অনুভূত হয়েছে।

বেলুচিস্তানের প্রাদেশিক প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়নি। তবে খুজদারের আশপাশের গ্রামীণ এলাকায় ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো।

ভূপৃষ্ঠের কাছাকাছি উৎপন্ন ভূমিকম্প সাধারণত গভীর ভূমিকম্পের তুলনায় বেশি তীব্রভাবে অনুভূত হতে পারে। ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটারের কম গভীরতায় সংঘটিত ভূমিকম্পকে অগভীর ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের ভূমিকম্পের কম্পন সরাসরি ভূপৃষ্ঠে বেশি প্রভাব ফেলতে পারে। ফলে মাটির ইট দিয়ে তৈরি বাড়ি কিংবা দুর্বল কাঠামোর ভবনে ফাটল দেখা দেওয়ার আশঙ্কা থাকে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কও ছড়িয়ে পড়তে পারে।

প্রায় ৩ লাখ ৪৭ হাজার ১৯০ বর্গকিলোমিটার আয়তনের বেলুচিস্তান ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও অ্যারাবিয়ান—এই তিনটি বড় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি অবস্থিত। এসব প্লেটের নড়াচড়া ও জটিল ভূতাত্ত্বিক প্রক্রিয়ার কারণে অঞ্চলটিতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প ঘটে।

এ অঞ্চলে ৬ মাত্রার বেশি শক্তিশালী ভূমিকম্প তুলনামূলকভাবে বিরল হলেও ৫ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প মাঝেমধ্যে আঘাত হানে। সর্বশেষ ভূমিকম্পের পর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রাদেশিক প্রশাসন

0 Response to "বেলুচিস্তানে ৫.৭ মাত্রার ভূমিকম্প"

একটি মন্তব্য পোস্ট করুন