ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি, ‘গ্যারান্টি ক্লজ’ ফেরাতে চায় বাংলাদেশ
চলতি বছরের ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানিয়েছেন, নতুন চুক্তি নিয়ে আলোচনায় বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার হবে ১৯৭৭ সালের চুক্তিতে থাকা ‘গ্যারান্টি ক্লজ’ পুনরায় অন্তর্ভুক্ত করা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন নিয়ে দীর্ঘদিনের আলোচনায় ন্যায্য হিস্যা ও পানির নিশ্চয়তার বিষয়টি গুরুত্বপূর্ণ। নতুন চুক্তিতে এমন একটি ব্যবস্থা রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে, যাতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানিপ্রাপ্তি নিশ্চিত থাকে। এ ক্ষেত্রে ১৯৭৭ সালের চুক্তির মতো গ্যারান্টি ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ্যানি আরও জানান, পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ নিয়েও সরকার এগিয়ে যাচ্ছে। আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা মার্চের মধ্যে প্রকল্পটির কাজ দৃশ্যমান হওয়ার আশা রয়েছে। একই সঙ্গে তিস্তা বহুমুখী প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই শেষ করার পর আগামী বছরই মূল কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের।
পানিসম্পদ খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আন্তঃসীমান্ত নদীর পানি ব্যবস্থাপনা এবং আঞ্চলিক সহযোগিতাকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। গঙ্গা চুক্তি, পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্পের অগ্রগতি বাংলাদেশের পানি নিরাপত্তা ও কৃষি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
0 Response to "ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি, ‘গ্যারান্টি ক্লজ’ ফেরাতে চায় বাংলাদেশ"
একটি মন্তব্য পোস্ট করুন