সিএনজি চলাচলের দাবিতে কুড়িগ্রামে সড়ক অবরোধ, দুই ঘণ্টায় তীব্র যানজট
কুড়িগ্রামের সব সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের সুযোগ, নির্ধারিত স্ট্যান্ড স্থাপন এবং চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সড়ক অবরোধ করেছেন সিএনজি চালকরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে শহরের শাপলা চত্বরে প্রায় দুই ঘণ্টা অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।
অবরোধের কারণে কুড়িগ্রাম-রংপুর, কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী ও কুড়িগ্রাম-উলিপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং এসব পথে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
অবরোধ চলাকালে কুড়িগ্রাম জেলা সিএনজি মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুম মিয়া, সাধারণ সম্পাদক রুস্তম আলীসহ বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকার মালিক-শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন সড়কে সিএনজি থেকে যাত্রী নামিয়ে নির্দিষ্ট কিছু যানবাহনে তুলে দেওয়া হচ্ছে। এতে সিএনজি চালকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের আরও অভিযোগ, বিভিন্ন সময়ে চালকদের কাছ থেকে টাকা নেওয়া এবং এর প্রতিবাদ করলে মারধরের ঘটনাও ঘটেছে।
চালকেরা বলেন, তারা নিয়ম মেনেই সিএনজি চালাতে চান। কিন্তু সড়কে চলাচলের ক্ষেত্রে বাধা ও হয়রানির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই জেলার সব সড়কে সিএনজি চলাচলের সুযোগ, নির্ধারিত স্ট্যান্ড এবং চালক-যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা প্রশাসনের কাছে ২৪ ঘণ্টা সিএনজি চলাচলে কার্যকর নিশ্চয়তা দাবি করেন। ভবিষ্যতে কোনো চালককে হয়রানি, মারধর বা যাত্রী নামিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
পরে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলেন। তিনি অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখার এবং কেউ হয়রানি করলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পুলিশের আশ্বাসের পর চালকেরা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি কামাল হোসেন বলেন, বিষয়টি তিনি আগে জানতেন না এবং ওই দিনই প্রথম জানতে পেরেছেন। তিনি সিএনজি চালকদের আশ্বস্ত করে বলেন, কেউ তাদের হয়রানি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
0 Response to "সিএনজি চলাচলের দাবিতে কুড়িগ্রামে সড়ক অবরোধ, দুই ঘণ্টায় তীব্র যানজট"
একটি মন্তব্য পোস্ট করুন