আগামী দিনের বাংলাদেশ তরুণরাই নেতৃত্ব দেবে: ববি হাজ্জাজ
আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, দেশের ভবিষ্যতের দায়িত্ব নিতে তরুণদের এখন থেকেই জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্ববোধ অর্জনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। শুধু অ্যাকাডেমিক ডিগ্রি অর্জন করলেই হবে না, বাস্তব অভিজ্ঞতা এবং পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতাও গড়ে তুলতে হবে।
বুধবার (৭ অক্টোবর) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ‘তৃতীয় ইউএমএসএআইএলএস-ইউএপি আন্তঃবিশ্ববিদ্যালয় মুট কোর্ট প্রতিযোগিতা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইন শিক্ষার্থীদের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, একজন আইনজীবী যখন কোনো ব্যক্তির পক্ষে প্রতিনিধিত্ব করেন, তখন তার ওপর গুরুত্বপূর্ণ পেশাগত ও নৈতিক দায়িত্ব থাকে। একজন আইনজীবীর সামান্য ভুলও মানুষের জীবন, অধিকার ও ভবিষ্যতের ওপর প্রভাব ফেলতে পারে। তাই আইন শিক্ষার্থীদের শুধু আইন ও বিধিবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করলেই হবে না; সততা, দায়িত্ববোধ, যুক্তিনির্ভর চিন্তা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও তাদের মধ্যে তৈরি করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের কারণে ভবিষ্যতের আইন পেশার ধরনও বদলে যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তি ইতোমধ্যে আইনগত গবেষণা, নথি বিশ্লেষণসহ বিভিন্ন পেশাগত কাজের ক্ষেত্রে পরিবর্তন আনছে। তাই শিক্ষার্থীদের প্রযুক্তিকে ভয় না পেয়ে দায়িত্বশীল ও বিচক্ষণভাবে ব্যবহারের দক্ষতা অর্জন করতে হবে। তবে প্রযুক্তি মানুষের কাজকে সহজ করতে পারলেও মানুষের বিচার-বিশ্লেষণ, নৈতিকতা ও দায়িত্ববোধের বিকল্প হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য সামনে রেখে সরকার কাজ করছে। এই লক্ষ্য অর্জনে উচ্চপ্রযুক্তি, উদ্ভাবন, বিদেশি বিনিয়োগ, দক্ষ মানবসম্পদ এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির বিকাশে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিনিয়োগ ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। আগামী দিনের অর্থনৈতিক রূপান্তরে তরুণ প্রজন্ম বড় শক্তি হিসেবে ভূমিকা রাখতে পারে। এজন্য তাদের প্রযুক্তি, গবেষণা, পেশাগত দক্ষতা ও নেতৃত্বের জন্য এখন থেকেই প্রস্তুত করা প্রয়োজন।
অনুষ্ঠানে ইউএপির আইন বিভাগের চেয়ারম্যান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মজিবুল হক এবং ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাইদ মোস্তাক আহমেদ। প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ইউএপির বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
0 Response to "আগামী দিনের বাংলাদেশ তরুণরাই নেতৃত্ব দেবে: ববি হাজ্জাজ"
একটি মন্তব্য পোস্ট করুন