অক্টোবরজুড়ে ভ্যাপসা গরম, ৭ থেকে ১০ অক্টোবর কয়েক বিভাগে বৃষ্টির আভাস
দেশের অধিকাংশ এলাকায় আগামী প্রায় ২৫ অক্টোবর পর্যন্ত দিনের বেলা ভ্যাপসা গরমের অনুভূতি থাকতে পারে। বিশেষ করে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গরম ও অস্বস্তি বেশি অনুভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
সোমবার (৫ অক্টোবর) এক পূর্বাভাসে সংস্থাটি জানায়, দিনের বেলা গরম থাকলেও রাতের আবহাওয়া ধীরে ধীরে সহনীয় হয়ে আসতে পারে। বিশেষ করে মাঝরাত থেকে ভোর পর্যন্ত তুলনামূলক আরামদায়ক আবহাওয়া বিরাজ করতে পারে।
বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ থেকে ১০ অক্টোবরের মধ্যে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ৮ থেকে ১০ অক্টোবর রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় একাধিক দফায় বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৃষ্টির কারণে ওই সময় কিছু এলাকায় সাময়িকভাবে দিনের তাপমাত্রা ও রোদের তীব্রতা কমে আসতে পারে। তবে বৃষ্টির পর আবারও ভ্যাপসা গরমের অনুভূতি ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
দেশের অন্যান্য এলাকাতেও বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে ১১ অক্টোবরের পর সার্বিকভাবে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। সাগরে নতুন কোনো লঘুচাপ সৃষ্টি না হলে এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
এদিকে অক্টোবরের তৃতীয় সপ্তাহে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে বিডব্লিউওটি। সেটি সৃষ্টি হলে দেশের বিভিন্ন এলাকায় মেঘলা আবহাওয়া ও বৃষ্টিপাত বাড়তে পারে। ফলে দিনের ভ্যাপসা গরমের অনুভূতিও কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার এই পরিবর্তনের কারণে দিন ও রাতের তাপমাত্রার মধ্যে পার্থক্যও বাড়তে পারে। শীতের আগ পর্যন্ত, অর্থাৎ আগামী প্রায় এক মাস এমন তাপমাত্রাগত পার্থক্য অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
দিনে গরম ও রাতে তুলনামূলক ঠান্ডা—এ ধরনের পরিবর্তনশীল আবহাওয়ায় শিশু ও বয়স্কদের সর্দি, কাশি, গলাব্যথা ও মৌসুমি জ্বরের মতো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাস্থ্য সুরক্ষায় বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
0 Response to "অক্টোবরজুড়ে ভ্যাপসা গরম, ৭ থেকে ১০ অক্টোবর কয়েক বিভাগে বৃষ্টির আভাস"
একটি মন্তব্য পোস্ট করুন