বিগ ব্যাশ খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন ব্রেসওয়েল

বিগ ব্যাশ খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন ব্রেসওয়েল


 বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার সুযোগ গ্রহণ করতে নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন মাইকেল ব্রেসওয়েল। সোমবার নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, ২০২৬-২৭ মৌসুমে অস্থায়ী চুক্তির আওতায় থাকবেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার।

ব্রেসওয়েলের জায়গায় নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকায় যুক্ত হয়েছেন নিক কেলি। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের প্রায় ১১ বছর পর প্রথমবারের মতো জাতীয় চুক্তিতে জায়গা পেলেন ৩৩ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার।

চলতি মৌসুমে নিউজিল্যান্ডের অস্থায়ী চুক্তির তালিকায় ব্রেসওয়েলের পাশাপাশি রয়েছেন ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও টিম সেইফার্টের মতো ক্রিকেটাররা।

অন্যদিকে, আগামী ২২ অক্টোবর ক্রাইস্টচার্চে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন ব্রেসওয়েল। জাতীয় দলের হয়ে সাদা বলের ক্রিকেটে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর বিষয়ে ব্রেসওয়েল বলেন, ক্যারিয়ারের এই পর্যায়ে এমন সুযোগ গ্রহণের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের সমর্থন তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু সাদা বলের ক্রিকেটার হিসেবে এমন সুযোগ হাতছাড়া করা তার কাছে ঠিক মনে হয়নি।

তিনি আরও বলেন, ব্ল্যাক ক্যাপদের প্রতি তার প্রতিশ্রুতি এখনও অটুট রয়েছে। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজসহ ভবিষ্যতের সাদা বলের সিরিজগুলোতে জাতীয় দলের হয়ে খেলতে তিনি মুখিয়ে আছেন।

নিক কেলির আন্তর্জাতিক অভিষেক হয় ২০২৫ সালের মার্চে। এরই মধ্যে নিউজিল্যান্ডের হয়ে ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে দুটি টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্বও দিয়েছেন এই ব্যাটার।

চলতি বছরের শুরুতে চোটের কারণে টম ল্যাথাম ছিটকে গেলে তার পরিবর্তে বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেন কেলি। এবার প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়ার মাধ্যমে জাতীয় দলের সঙ্গে তার অবস্থান আরও শক্ত হলো।

0 Response to "বিগ ব্যাশ খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন ব্রেসওয়েল"

একটি মন্তব্য পোস্ট করুন