কিশোরগঞ্জে প্রথমবার চাকরি ও যুব উদ্যোক্তা মেলা, নিবন্ধন ১ হাজার ৮৫ জনের

কিশোরগঞ্জে প্রথমবার চাকরি ও যুব উদ্যোক্তা মেলা, নিবন্ধন ১ হাজার ৮৫ জনের



 কিশোরগঞ্জে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘চাকরি ও যুব উদ্যোক্তা মেলা-২০২৬’। চাকরির সুযোগ, নিয়োগের যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে জেলার বিভিন্ন এলাকা থেকে সিভি হাতে তরুণ-তরুণীরা মেলায় অংশ নেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডিওয়াইডি ক্যাম্পাসে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে যুব উন্নয়ন অধিদপ্তর ও ইউসেফ বাংলাদেশ (USEF Bangladesh) যৌথভাবে মেলার আয়োজন করে। এতে সহযোগিতা করে সেভ দ্য চিলড্রেন।

মেলায় অংশ নেওয়া ২১টি চাকরিদাতা প্রতিষ্ঠানে চাকরির জন্য মোট ১ হাজার ৮৫ জন তরুণ-তরুণী নিবন্ধন করেন। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির পদ, প্রয়োজনীয় যোগ্যতা ও নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে তথ্য নেন তারা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ইউসেফ বাংলাদেশের মাধ্যমে ৫০৭ জন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন খাতায় ৫৭৮ জন চাকরিপ্রার্থী নাম নিবন্ধন করেন।

চাকরির সুযোগের পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও দক্ষতা উন্নয়নের বিষয়েও মেলায় পরামর্শ দেওয়া হয়। বিভিন্ন স্টলে তরুণ উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শনের পাশাপাশি বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছিল।

মেলায় অংশ নেওয়া উদ্যোক্তা সুমন জানান, করোনাকালে কর্মহীন হয়ে পড়ার পর ছোট বোনের দেওয়া তিনটি পাঞ্জাবি নিয়ে তিনি ব্যবসা শুরু করেন। ক্রেতাদের সাড়া পাওয়ার পর ধীরে ধীরে ব্যবসা সম্প্রসারণ করেন। বর্তমানে অনলাইন ও সরাসরি—দুই মাধ্যমেই পাঞ্জাবি বিক্রি করে নিজের ও পরিবারের খরচ চালাচ্ছেন তিনি।

উদ্যোক্তা সুমি বলেন, ইউসেফ বাংলাদেশের সহযোগিতায় প্রশিক্ষণের মাধ্যমে নারী-পুরুষদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কাজ চলছে। তাদের সংগঠনের মাধ্যমে এবারের মেলায় ২০ জন বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

সকাল ১০টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন। পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং চাকরিপ্রার্থী ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ ওবায়দুল হক, ইউসেফ বাংলাদেশের প্রোগ্রাম অ্যান্ড ইনোভেশন বিভাগের উপপরিচালক ইঞ্জিনিয়ার জয় প্রকাশ বড়ুয়া এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

মেলায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম শামীম।

তিনি বলেন, প্রথমবারের আয়োজনেই প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে। মোট ১ হাজার ৮৫ জন চাকরিপ্রার্থী নিবন্ধন করেছেন। মেলার মূল লক্ষ্য ছিল চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থীদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা। পাশাপাশি অংশগ্রহণকারীদের ক্যারিয়ার সম্পর্কেও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

রফিকুল ইসলাম শামীম আরও জানান, প্রথম আয়োজনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে চাকরি মেলার আয়োজনের পরিকল্পনা রয়েছে।

0 Response to "কিশোরগঞ্জে প্রথমবার চাকরি ও যুব উদ্যোক্তা মেলা, নিবন্ধন ১ হাজার ৮৫ জনের"

একটি মন্তব্য পোস্ট করুন