ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য ৩০ শতাংশ সীমা
ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানে মুখ ঢেকে রাখা বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পাশাপাশি ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা নেই—এমন বিদেশি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন মন্ত্রিসভা স্কুলসংক্রান্ত নতুন ডিক্রি অনুমোদন করে। এতে নির্দিষ্ট শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশের মধ্যে রাখার বিধান এবং স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রী মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, নতুন ব্যবস্থায় ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা নেই—এমন শিক্ষার্থীর সংখ্যা প্রতি শ্রেণিতে সর্বোচ্চ ৩০ শতাংশ রাখার পাশাপাশি ভাষা শেখার জন্য আরও সুযোগ তৈরি করা হবে। সরকারের ভাষ্য অনুযায়ী, এর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের একীভূতকরণ সহজ করা এবং একই শ্রেণিতে ভাষাগতভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের অতিরিক্ত ঘনত্ব এড়ানো।
নতুন বিধানে স্কুলের কার্যক্রমে মুখ এমনভাবে ঢেকে রাখা নিষিদ্ধ করা হয়েছে, যাতে শিক্ষার্থীর পরিচয় শনাক্ত করা সম্ভব না হয়। বোরকা ও নিকাবের পাশাপাশি নির্দিষ্ট পরিস্থিতিতে মুখ ঢাকার অন্যান্য ব্যবস্থার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে। নিয়ম ভঙ্গের ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার ইউরো পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
ভাষাগত দক্ষতার ক্ষেত্রেও নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থীর ইতালীয় ভাষাজ্ঞান তার শিক্ষা ও সহপাঠীদের সঙ্গে একীভূত হওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করলে এবং পরিবারেরও ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা না থাকলে অভিভাবকদের বিনামূল্যের ইতালীয় ভাষা কোর্সে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। এ নির্দেশ না মানলে ২০০ থেকে ১ হাজার ইউরো পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
ইতালির শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা বলেছেন, বর্তমানে দেশটির প্রায় ৩৪ হাজার শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশের বেশি। তবে নতুন বিধানের আওতায় মূলত নতুন আসা এবং ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা না থাকা শিক্ষার্থীদের বিষয়টি গুরুত্ব পাবে বলে তিনি জানান।
সরকারের সিদ্ধান্ত নিয়ে ইতালিতে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধী ডেমোক্রেটিক পার্টির নেত্রী এলি শ্লেইন এ পদক্ষেপের সমালোচনা করে এটিকে শিশুদের ওপর বৈষম্যমূলক ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে মেলোনি সরকার বলছে, এই নীতির লক্ষ্য বিদেশি শিশুদের বাদ দেওয়া নয়; বরং ভাষা শেখানো ও শিক্ষাপ্রতিষ্ঠানে একীভূতকরণ বাড়ানো।
এর আগে চলতি মাসেই মেলোনি স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধ এবং বিদেশি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে সীমিত করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। বৃহস্পতিবারের মন্ত্রিসভার অনুমোদনের মাধ্যমে সেই পরিকল্পনা ডিক্রিতে রূপ নেয়।
0 Response to "ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য ৩০ শতাংশ সীমা"
একটি মন্তব্য পোস্ট করুন