কুয়েতে বাংলাদেশি যাত্রীর কাছ থেকে গাঁজা-ইয়াবাসহ বিপুল মাদক জব্দ

কুয়েতে বাংলাদেশি যাত্রীর কাছ থেকে গাঁজা-ইয়াবাসহ বিপুল মাদক জব্দ


 বাংলাদেশ থেকে কুয়েতে যাওয়া এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (২১ সেপ্টেম্বর) কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৫-এ তল্লাশি চালানোর সময় ওই বাংলাদেশি যাত্রীকে আটক করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, আটক ব্যক্তির কাছ থেকে ৪ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৩১৯ দশমিক ৩ গ্রাম মেথঅ্যামফিটামিন এবং ৬ হাজার ২১১টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে দেশটির মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কুয়েতে মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হয়। দেশটির বিমানবন্দরসহ বিভিন্ন প্রবেশপথে মাদক চোরাচালান ঠেকাতে তল্লাশি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।

এ ঘটনার পর বাংলাদেশ থেকে কুয়েতে যাওয়া বিমানে এত বড় মাদকের চালান কীভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও স্ক্যানিং ব্যবস্থা পার হলো, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

কুয়েতপ্রবাসী বাংলাদেশি সুমন চৌধুরী বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও তল্লাশি ব্যবস্থা পেরিয়ে এত বড় চালান দেশের বাইরে যাওয়ার ঘটনা উদ্বেগজনক। এ ঘটনায় কোনো কর্মকর্তা বা চক্র জড়িত কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

তবে মাদকগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, কীভাবে এগুলো বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পার হয়েছে এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না—এসব বিষয়ে তদন্তের ফলাফল না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

0 Response to "কুয়েতে বাংলাদেশি যাত্রীর কাছ থেকে গাঁজা-ইয়াবাসহ বিপুল মাদক জব্দ"

একটি মন্তব্য পোস্ট করুন