জ্বালানি তেলের দাম বাড়ায় রাজধানীর সবজির বাজারে অস্বস্তি

জ্বালানি তেলের দাম বাড়ায় রাজধানীর সবজির বাজারে অস্বস্তি


 জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর রাজধানীর বিভিন্ন সবজি বাজারে এর প্রভাব দেখা যাচ্ছে। ডিজেল, অক্টেন ও পেট্রোলের দাম বাড়ায় দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে সবজি পরিবহণের খরচ বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, বাড়তি পরিবহণ ব্যয়ের কারণে কিছু সবজির দামও বাড়াতে হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর মান্ডা-মুগদা এলাকার সবজি বাজার ঘুরে এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

বর্তমানে বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ২০০ টাকায়। আগে এই সবজির দাম ছিল ১৬০ থেকে ১৭০ টাকা। অর্থাৎ কেজিতে সর্বোচ্চ ৪০ টাকা পর্যন্ত বেড়েছে শিমের দাম।

এ ছাড়া টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। আগে এর দাম ছিল ৮০ থেকে ৯০ টাকা। শসার দাম ৫০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা, করলা ৬০ থেকে ৭০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, লাউ ৭০ থেকে ৮০ টাকা এবং মূলা ৫০ থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে।

পটলের দামও বেড়েছে। প্রতি কেজি পটল এখন ৭০ টাকা, যা আগে ৫০ টাকা ছিল। ধুন্দল ৬৫ থেকে বেড়ে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা এবং ঝিঙা ৬০ থেকে বেড়ে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে কুমড়ার ফালির দাম আগের মতোই ৩০ টাকা কেজি রয়েছে। মাঝারি আকারের একটি চালকুমড়া বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে সবজি আনতে ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনের ওপর নির্ভর করতে হয়। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে এসব যানবাহনের ভাড়া বেড়েছে। ফলে কৃষকের কাছ থেকে সবজি সংগ্রহের পর আড়ত হয়ে খুচরা বাজারে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপেই অতিরিক্ত পরিবহণ ব্যয় যুক্ত হচ্ছে।

সবজি ব্যবসায়ী ফজলুল মিয়া বলেন, জ্বালানির দাম বাড়ার পর সবজি পরিবহণের খরচ বেড়েছে। মোকামেও অনেক ক্ষেত্রে পণ্যের দাম বেশি। ফলে বাধ্য হয়ে কিছু সবজির দাম বাড়াতে হয়েছে।

আরেক ব্যবসায়ী ইলিয়াস বলেন, শুধু ব্যবসায়ীদের কারণে সবজির দাম বাড়ছে না। কৃষকের কাছ থেকে পণ্য কেনা, পরিবহণ, শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচ মিলিয়ে বাজারে সবজি তুলতে ব্যয় বেড়েছে। এর প্রভাব খুচরা বাজারেও পড়ছে।

অন্যদিকে বাজারে সবজি কিনতে আসা ক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের পাশাপাশি সবজির দামও বাড়ায় সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়ছে।

ক্রেতা ওলিয়ার রহমান বলেন, আগে ৫০ থেকে ৬০ টাকার মধ্যে যে সবজি পাওয়া যেত, এখন সেটির দাম ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। কয়েক ধরনের সবজি কিনলেই আগের তুলনায় অনেক বেশি টাকা খরচ হচ্ছে।

আরেক ক্রেতা ইদ্রিস বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহণ খরচ বাড়তে পারে। তবে এর প্রভাব যেন একসঙ্গে সব পণ্যের দামে না পড়ে, সংশ্লিষ্টদের সে বিষয়টি নজরে রাখা দরকার। সাধারণ মানুষের আয় একই হারে বাড়ছে না।

জ্বালানি ও পরিবহণ ব্যয়ের এই বৃদ্ধি রাজধানীর সবজির বাজারে ক্রেতাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে। বাজারে সবজির দাম কতদিন এভাবে থাকবে, তা নির্ভর করবে সরবরাহ, পরিবহণ ব্যয় ও পাইকারি বাজারের দামের ওপর।

0 Response to "জ্বালানি তেলের দাম বাড়ায় রাজধানীর সবজির বাজারে অস্বস্তি"

একটি মন্তব্য পোস্ট করুন