শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো অনুদান দিলেন মেসি

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো অনুদান দিলেন মেসি


 ফুটবল মাঠের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও নিজের অবদান রেখে চলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এবার স্পেনের বার্সেলোনায় শিশুদের ক্যানসার চিকিৎসার জন্য নির্মাণাধীন একটি বিশেষায়িত কেন্দ্রের জন্য বড় অঙ্কের অনুদান দিয়েছেন তিনি।

মেসির দাতব্য সংস্থা মেসি ফাউন্ডেশনের মাধ্যমে এসজেডি পেডিয়াট্রিক ক্যানসার সেন্টার নির্মাণ প্রকল্পে ২৬ লাখ ইউরো দেওয়া হয়েছে। প্রায় ৩ কোটি ইউরো ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই চিকিৎসাকেন্দ্রটির আয়তন হবে ৫ হাজার ১৩৭ বর্গমিটার।

পরিকল্পনা অনুযায়ী, কেন্দ্রটিতে প্রতি বছর আনুমানিক ৪০০ শিশুকে ক্যানসারের চিকিৎসা দেওয়া সম্ভব হবে। শিশুদের ক্যানসার চিকিৎসার বিভিন্ন সেবা একই জায়গায় নিয়ে আসাই প্রকল্পটির অন্যতম প্রধান উদ্দেশ্য। এর মাধ্যমে রোগী শিশু ও তাদের পরিবারের জন্য এক ছাদের নিচে বিশেষায়িত চিকিৎসা এবং প্রয়োজনীয় যত্ন নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

মেসি ফাউন্ডেশনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা ও ব্যক্তিগত উদ্যোগের অর্থায়নেও প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। শিশুদের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের পরিবারের ওপর চিকিৎসা সংক্রান্ত চাপ কমাতেও এই কেন্দ্র ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মেসি ফাউন্ডেশনের কার্যক্রম অবশ্য কেবল ক্যানসার চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষা, খেলাধুলা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সংস্থাটি কাজ করে থাকে। শিশুদের লিউকেমিয়া নিয়ে গবেষণায় সহায়তার পাশাপাশি মেসির জন্মশহর আর্জেন্টিনার রোজারিওর একটি হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহের উদ্যোগও রয়েছে ফাউন্ডেশনের।

এ ছাড়া আফ্রিকার দেশ মোজাম্বিকে শিশুদের অপুষ্টি মোকাবিলায়ও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে মেসি ফাউন্ডেশন। স্বাস্থ্যসেবার পাশাপাশি শিশু ও তরুণদের উন্নয়নে শিক্ষা ও ক্রীড়াকেও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করছে সংস্থাটি।

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় খেলাধুলাকে কাজে লাগানোও ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। এ উদ্দেশ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সচেতনতামূলক কর্মসূচি ও প্রশিক্ষণের আয়োজন করা হয়। একই সঙ্গে আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশে খেলার মাঠ সংস্কার এবং নতুন মাঠ নির্মাণেও সহযোগিতা করছে সংস্থাটি।

এসব উদ্যোগের মাধ্যমে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন এলাকার মানুষ সরাসরি উপকৃত হচ্ছে। ফুটবলের বাইরেও মেসির এই মানবিক কর্মকাণ্ড শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার দাতব্য উদ্যোগের বিস্তৃত পরিধি তুলে ধরছে।

0 Response to "শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো অনুদান দিলেন মেসি"

একটি মন্তব্য পোস্ট করুন