Header Ads

Breaking News
recent

সমাজের অবক্ষয় রোধে সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ

 


সমাজের অবক্ষয় রোধ করে সত্যবাদী ও ভালো মানুষ গড়ে তুলতে সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে মৃত্তিকা অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত ‘সত্যবাদী মানুষ হতে সংস্কৃতির ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, বর্তমানে সমাজে ভালো মানুষ খুঁজে পাওয়াই কঠিন হয়ে পড়েছে। সমাজের অবক্ষয়ের মধ্যে মানুষ অনেকটাই হারিয়ে যাচ্ছে। তবে এর মধ্যেও অনেক ভালো মানুষ রয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সমাজের এই অবক্ষয়ের সময়ে সংস্কৃতিকে সত্যিকার অর্থে বিকশিত করতে হবে। ভালো মানুষ গড়ে তুলতে সাহিত্য ও সংস্কৃতি চর্চার জন্য মৃত্তিকা ফাউন্ডেশন ও মৃত্তিকা অ্যাকাডেমির মতো সংগঠনের প্রয়োজন রয়েছে।

ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমানে মানুষের মূল্যায়ন করা হচ্ছে অর্থ, সম্পদ ও প্রতিপত্তির ভিত্তিতে। কে কত টাকা আয় করেছেন বা কতটা ধনী হয়েছেন—এসবই যেন সাফল্যের মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। অথচ একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত তার জ্ঞান। জ্ঞানসম্পন্ন মানুষের আজ বড় অভাব রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

পরিবারকে মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান উল্লেখ করে আবদুস সালাম বলেন, সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে এবং কীভাবে অর্থ উপার্জন করে—এসব বিষয়ে বাবা-মায়ের নজরদারি থাকা জরুরি। মানুষ গড়ার প্রথম কারিগর পরিবার। এরপর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বর্তমান শিক্ষা ও সামাজিক ব্যবস্থায় অবক্ষয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে তরুণ প্রজন্মকে বই পড়তে হবে এবং লাইব্রেরিতে যেতে হবে। পাশাপাশি দেশীয় নাটক ও চলচ্চিত্র দেখা এবং গান শোনার মাধ্যমে ভালো কিছু ধারণ করার মানসিকতা তৈরি করতে হবে।

অনুষ্ঠানে মৃত্তিকা অ্যাকাডেমির চেয়ারম্যান কবি রানা হোসেন সভাপতিত্ব করেন। এ সময় তথ্য মন্ত্রণালয়ের সাবেক তথ্য সচিব ও মৃত্তিকা অ্যাকাডেমির প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ, মেজর মো. ইউসুফ শরীফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজারুল ইসলাম চঞ্চলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.