Header Ads

Breaking News
recent

হঠাৎ বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ শহরে জলাবদ্ধতা, দুর্ভোগে বাসিন্দারা


 হঠাৎ মুষলধারে বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন সড়ক, বাসাবাড়ি, সরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রাবাসে পানি ঢুকে পড়েছে। কোথাও গোড়ালি সমান আবার কোথাও হাঁটুপানি জমেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। পরে মধ্যরাত থেকে মুষলধারে বৃষ্টি নামে। এতে পৌরসভার আরামবাগ, শান্তির মোড়, বাতেনখাঁর মোড়, পুরাতন বাজার, নিউমার্কেট ও উদয়ন মোড়সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।

পানি জমে যাওয়ায় অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঘরের সামনে পানি জমে থাকায় অনেক পরিবার সাময়িকভাবে গৃহবন্দি হয়ে পড়েছে। কোথাও রান্নাঘর ও টিউবওয়েলের কিছু অংশ পানিতে ডুবে গেছে। বিভিন্ন ছাত্রাবাসেও পানি ঢুকে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত নালা ব্যবস্থাপনা না থাকা, বিদ্যমান নালাগুলোর অচলাবস্থা এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

আরামবাগ এলাকার বাসিন্দা সাফি বলেন, আগে অনেক বৃষ্টি হলেও বাসাবাড়িতে কখনো পানি ওঠেনি। এবার বৃষ্টিতে ঘরে পানি ঢুকে পড়ায় আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র নিয়ে বিপাকে পড়েছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে পৌরসভা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ফয়সাল বলেন, মেসে বৃষ্টির পানি ঢুকে বই-খাতা ভিজে গেছে। ঘর থেকে পানি বের করতে তাদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তোফিকুল ইসলাম বলেন, রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে। এ কারণে পৌরসভার বিভিন্ন এলাকা পানিতে ডুবে গেছে। ধীরে ধীরে পানি নেমে যাবে। ড্রেনের আউটলেটে থাকা পাইপ দিয়ে পানি নিষ্কাশন হতে সময় লাগছে।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.