Header Ads

Breaking News
recent

দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

 


বাংলাদেশ পুলিশের দুই ডিআইজিসহ ১৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে দুই ডিআইজি, চার অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনগুলোতে সই করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ অধিদপ্তরে এবং অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার মোহাম্মদ নাজমুল আলমকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার এবং পুলিশ সুপার মো. জাফর হোসেনকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।

এ ছাড়া পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, এম কে এইচ জাহাঙ্গীর হোসেন ও মো. আবদুর রহমানকে পিবিআইয়ে বদলি করা হয়েছে। একই সঙ্গে এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে আগের বদলি আদেশ বাতিল করা হয়েছে।

এস এম রফিকুল ইসলামকে এপিবিএনের পুলিশ সুপার, মুহাম্মদ খালেদ-উজ-জামানকে সিআইডিতে পুলিশ সুপার এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে, মো. আসলাম উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীন ও এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে আগের কয়েকটি বদলি আদেশও বাতিল করা হয়েছে। এর মধ্যে মোহাম্মদ কামরুজ্জামানকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত ডিআইজি এবং মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলে পুলিশ সুপার হিসেবে বদলির আদেশও বাতিল করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.