Header Ads

Breaking News
recent

আগামী তিন দিন ৪ বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টির আভাস


 দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী তিন দিন দেশের চার বিভাগে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

বুধবার (২৬ আগস্ট) প্রকাশিত ‘বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাস’ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এফএফডব্লিউসি জানায়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি কমেছে। আগামী তিন দিন পানি আরও কমতে পারে। এরপর পরবর্তী দুই দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এসব নদীর পানি বিপৎসীমার নিচেই থাকবে।

অন্যদিকে গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি বেড়েছে। আগামী দুই দিন পানি আরও বাড়তে পারে এবং পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। তবে এসব নদীর পানিও বিপৎসীমার নিচে থাকবে।

পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের মুহুরী, সেলোনিয়া ও সাঙ্গু নদীর পানি বেড়েছে। অন্যদিকে গোমতী, ফেনী ও মাতামুহুরী নদীর পানি কমেছে এবং হালদা নদীর পানি স্থিতিশীল রয়েছে। এসব নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।

উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে এবং বিপৎসীমার নিচেই থাকবে।

এদিকে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানিও কমেছে। আগামী দুই দিন পানি আরও কমতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.