Header Ads

Breaking News
recent

বিএনপির ১৭ বছরের আন্দোলনই জুলাই অভ্যুত্থানের ভিত্তি ছিল: এ্যানি


 পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জুলাই আন্দোলনের পেছনে বিএনপির ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনই ছিল মূল ভিত্তি। 

তিনি দাবি করেন, পরবর্তীতে কেউ এককভাবে আন্দোলনের কৃতিত্ব দাবি করতে পারে না।


মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 ‘আমরা বাংলাদেশি’ নামের সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।


এ্যানি বলেন, ‘আজকের বিরোধী দল জুলাই আন্দোলনে কোথায় ছিল, গত ১৭ বছর কোথায় ছিল—এসব প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা জোটবদ্ধভাবে এবং যুগপৎ আন্দোলন করেছি। 

৫ আগস্টের পর কেউ যদি বলে তারা একাই আন্দোলন করেছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একটি গণঅভ্যুত্থানের ভিত্তি প্রয়োজন, আর সেই ভিত্তি ছিল বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন।’


তিনি বলেন, আওয়ামী লীগের সবাই দেশ ছেড়ে পালিয়ে যায়নি এবং সবার বিরুদ্ধে একই ধরনের অভিযোগও নেই। বিরোধী দলের কিছু বক্তব্য থেকেই বিভেদের সূচনা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।


বিরোধী দলের সমালোচনা করে এ্যানি বলেন, স্বৈরাচারবিরোধী বিভিন্ন আন্দোলনে তাদের ভূমিকা ছিল না। তিনি দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনে কিছু আসনে বিএনপির অভ্যন্তরীণ সমন্বয়হীনতা ও প্রবাসী ভোটে দুর্বলতার কারণে বিরোধী দল সুবিধা পেয়েছে।


সরকারের কার্যক্রম নিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র পাঁচ মাস। সব সমস্যার সমাধান এখনো সম্ভব না হলেও প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছেন।

 সবাই সহযোগিতা করলে দেশের পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আমরা বিভেদ নয়, ঐক্য চাই।’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, 

বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারা আজ সংসদে বিরোধী দল হিসেবে রয়েছে। 

তিনি দাবি করেন, বিরোধী জোটে ভাঙন শুরু হয়েছে এবং বিএনপির বিরুদ্ধে তাদের রাজনৈতিক অবস্থান জনগণ প্রত্যাখ্যান করছে।


সভাপতির বক্তব্যে ‘আমরা বাংলাদেশি’ সংগঠনের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, একটি ঐক্যবদ্ধ, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.