শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত নিশ্চিতের আহ্বান শফিকুর রহমানের
বুধবার (৪ নভেম্বর) দুপুরে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। এসব কর্মসূচির কারণে অনেক কারখানা বন্ধ রয়েছে। কোথাও কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
শফিকুর রহমান বলেন, তৈরি পোশাক খাত দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত। এ খাতে বড় ধরনের অস্থিরতা বা বিপর্যয় দেখা দিলে সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই শ্রমিকদের দাবির যৌক্তিক সমাধানে সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করেছিলেন তাঁরা।
শ্রমিক নিহতের ঘটনায় নিন্দা ও তদন্তের দাবি
ভিডিও বার্তায় গাজীপুরের শ্রীপুরে পোশাকশ্রমিক তৌফিক নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
নিহত তৌফিকের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শ্রমিক-মালিক উভয় পক্ষের প্রতি আহ্বান
শফিকুর রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সময়ে স্বল্প বেতনে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে বেতন কাঠামো পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণে যত দেরি হবে, শিল্প খাতের ক্ষতির আশঙ্কা তত বাড়বে। পাশাপাশি অস্থির পরিস্থিতিকে কাজে লাগিয়ে সুযোগসন্ধানী মহল যেন কোনো ধরনের অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আন্দোলনরত শ্রমিকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, নিজেদের কর্মস্থল ও প্রতিষ্ঠান রক্ষার বিষয়টিও তাঁদের বিবেচনায় রাখতে হবে। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকারের পক্ষে থাকার কথা জানান। অন্যদিকে, মালিকদের শ্রমিকদের পরিবারের সদস্যের মতো বিবেচনা করে তাঁদের দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ করেন
0 Response to "শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত নিশ্চিতের আহ্বান শফিকুর রহমানের"
একটি মন্তব্য পোস্ট করুন