এআই সক্ষমতা বাড়াতে কোডিং স্টার্টআপ কন্ডাক্টর অধিগ্রহণ করল মেটা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নিজেদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এআই কোডিং স্টার্টআপ কন্ডাক্টর অধিগ্রহণ করেছে মেটা। প্রতিষ্ঠানটির তৈরি প্ল্যাটফর্মে একাধিক এআই এজেন্টকে একসঙ্গে কাজে লাগিয়ে সফটওয়্যার প্রকল্পের বিভিন্ন ধাপ পরিচালনা করা যায়। তবে এই অধিগ্রহণের আর্থিক মূল্য কিংবা চুক্তির অন্যান্য শর্ত প্রকাশ করেনি মেটা।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, কন্ডাক্টর অধিগ্রহণের খবর প্রথম প্রকাশ করে অ্যাক্সিওস। পরে নিজেদের ব্লগে এক ঘোষণার মাধ্যমে অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করে স্টার্টআপটি।
কন্ডাক্টরের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা চার্লি হোল্টজ বুধবার জানান, প্রতিষ্ঠানটি এখন মেটার অংশ। আগামী বছরের শুরুতে গ্রাহকদের জন্য নতুন কিছু নিয়ে আসার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হোল্টজ মেটার এআই বিভাগের প্রধান আলেকজান্ডার ওয়াং এবং সুপারইন্টেলিজেন্স ল্যাবসের পণ্য বিভাগের প্রধান নাট ফ্রিডম্যানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
একসঙ্গে কাজ করবে একাধিক এআই এজেন্ট
২০২৪ সালে প্রতিষ্ঠিত হয় কন্ডাক্টর। পরের বছর প্রতিষ্ঠানটি তাদের মূল পণ্য চালু করে। এই প্ল্যাটফর্মের বিশেষত্ব হলো, সফটওয়্যার প্রকৌশলীরা একটি প্রকল্পের বিভিন্ন কাজ আলাদা আলাদা এআই এজেন্টের মধ্যে ভাগ করে দিতে পারেন। প্রতিটি এজেন্ট নিজস্ব কর্মপরিবেশে কাজ করায় একই সময়ে প্রকল্পের একাধিক অংশের উন্নয়ন সম্ভব হয়।
কন্ডাক্টরের এআই এজেন্টগুলো ক্লাউড, ব্যবহারকারীর নিজস্ব কম্পিউটার কিংবা ফোনের মাধ্যমে পরিচালনা করা যায়। ফলে সফটওয়্যার তৈরির কাজে একাধিক এজেন্টকে সমন্বিতভাবে ব্যবহার করার সুযোগ তৈরি হয়।
তবে এসব এজেন্টের জন্য কন্ডাক্টর নিজস্ব এআই মডেল তৈরি করেনি। বরং অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের মতো প্রতিষ্ঠানের তৈরি মডেল ব্যবহার করে প্ল্যাটফর্মটি পরিচালিত হয়। অর্থাৎ, বিভিন্ন প্রতিষ্ঠানের এআই মডেলকে একটি সমন্বিত কর্মপ্রক্রিয়ায় কাজে লাগানোই কন্ডাক্টরের প্রযুক্তির অন্যতম বৈশিষ্ট্য।
মেটার এআই বিনিয়োগে নতুন সংযোজন
এআই খাতে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেদের সক্ষমতা বাড়াতে নতুন প্রযুক্তি ও স্টার্টআপ অধিগ্রহণ করছে। মেটাও গত এক বছরে এ ধরনের একাধিক উদ্যোগ নিয়েছে। এর মধ্যে এআই এজেন্টভিত্তিক প্ল্যাটফর্ম মল্টবুক অধিগ্রহণ নিয়েও আলোচনা হয়েছে।
কন্ডাক্টরকে মেটার সঙ্গে যুক্ত করার মাধ্যমে সফটওয়্যার উন্নয়ন ও এআই এজেন্ট প্রযুক্তিতে প্রতিষ্ঠানটির কাজ আরও বিস্তৃত হতে পারে। বিশেষ করে একাধিক এআই এজেন্টকে সমন্বয় করে জটিল সফটওয়্যার প্রকল্প পরিচালনার প্রযুক্তি মেটার ভবিষ্যৎ এআই পণ্য উন্নয়নে কীভাবে কাজে লাগে, সেটিই এখন দেখার বিষয়।
0 Response to "এআই সক্ষমতা বাড়াতে কোডিং স্টার্টআপ কন্ডাক্টর অধিগ্রহণ করল মেটা"
একটি মন্তব্য পোস্ট করুন