প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাতে লেখা কোরআন উপহার দিল শিশু অরিন
নিজ হাতে লেখা পবিত্র কোরআন শরিফ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দিয়েছে খুলনার শিশু শিক্ষার্থী অরিন সাফাত খান। একই অনুষ্ঠানে নিজের আঁকা একটি ছবি প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছে আরেক শিক্ষার্থী নায়লা তাসলিম জামান। শিশুদের কাছ থেকে পাওয়া ব্যতিক্রমী উপহার দুটি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠান চলাকালে অরিন সাফাত খান সম্পূর্ণ নিজের হাতে লেখা কোরআন শরিফটি প্রধানমন্ত্রীর কাছে তুলে দেয়। শিশুটির উপহার গ্রহণের সময় প্রধানমন্ত্রী তার সঙ্গে কথা বলেন এবং তাকে দোয়া ও আশীর্বাদ জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আনন্দিত অরিন
নিজের অনুভূতি জানিয়ে অরিন সাফাত খান বলে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে এবং নিজের হাতে লেখা কোরআন শরিফ উপহার দিতে পেরে সে খুব আনন্দিত। প্রধানমন্ত্রী তার লেখা পৃষ্ঠাগুলো দেখেছেন এবং সুন্দর হয়েছে বলে প্রশংসা করেছেন বলেও জানায় শিশুটি।
অরিন আরও জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার অভিজ্ঞতা তার কাছে বিশেষ আনন্দের। ভবিষ্যতে জাইমা রহমানের সঙ্গেও দেখা করার ইচ্ছা রয়েছে তার।
ছবি উপহার দিল নায়লাও
একই অনুষ্ঠানে আরেক শিশু শিক্ষার্থী নায়লা তাসলিম জামান নিজের হাতে আঁকা একটি ছবি প্রধানমন্ত্রীকে উপহার দেয়। প্রধানমন্ত্রী শিশুদের উপহার আনন্দের সঙ্গে গ্রহণ করেন এবং তাদের পড়াশোনা ও সৃজনশীল কাজ চালিয়ে যাওয়ার উৎসাহ দেন।
নিজেদের হাতে তৈরি উপহার নিয়ে শিশুদের এমন অংশগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের নজর কাড়ে। তাদের সৃজনশীলতা ও উদ্যোগ প্রশংসা পায়।
0 Response to "প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাতে লেখা কোরআন উপহার দিল শিশু অরিন"
একটি মন্তব্য পোস্ট করুন