বিয়ের কয়েক মাসের মধ্যেই ভাড়া বাড়ি ছাড়ছেন আমির খান ও গৌরী

বিয়ের কয়েক মাসের মধ্যেই ভাড়া বাড়ি ছাড়ছেন আমির খান ও গৌরী


 বলিউড অভিনেতা আমির খান ও তাঁর স্ত্রী গৌরী স্প্র্যাটকে মুম্বাইয়ের বর্তমান ভাড়া বাসা ছাড়তে হতে পারে। যে ভবনে গত জুলাইয়ে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন এই দম্পতি, সেটি পুনর্নির্মাণের পরিকল্পনা নেওয়ায় তাঁদের নতুন আবাসস্থল খুঁজতে হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ফ্রি প্রেস জার্নাল’-এর প্রতিবেদনের বরাতে এবিপির খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের পালি হিল এলাকায় অবস্থিত ওই ভবনে আমির খান চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। ভবনটির মালিকপক্ষ পুনর্নির্মাণের চুক্তি করায় চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে সেখান থেকে সরে যেতে পারেন আমির ও গৌরী।

বিয়ের পরের ঠিকানাতেও স্থায়ী হওয়া হচ্ছে না

গত ৫ জুলাই মুম্বাইয়ের ওই ভাড়া বাসাতেই বিয়ে করেন আমির ও গৌরী। এর আগে নিজের ইউনিয়ন পার্কের বাড়ি ছেড়ে নার্গিস দত্ত রোডের কাছাকাছি পালি হিল এলাকার একটি ভবনে উঠেছিলেন অভিনেতা। নিজের বাড়িতে পুনর্নির্মাণের কাজ চলায় সাময়িকভাবে ওই বাসায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

এবার সেই ভাড়া বাসাটিও ছাড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বাসা নিয়ে ভাবনার পাশাপাশি বর্তমান বাসাটি তাঁদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী সাজানোর কাজও চলছে বলে একটি সূত্র জানিয়েছে।

পুনর্নির্মাণের পর বড় বাসস্থানের পরিকল্পনা

আমির খানের মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় একাধিক সম্পত্তি রয়েছে। এ ছাড়া পঞ্চগনিতে তাঁর একটি ফার্মহাউসও আছে বলে রিয়েল এস্টেটবিষয়ক সংবাদমাধ্যম ম্যাজিকব্রিকসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দ্য ফ্রি প্রেস জার্নালের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, পুনর্নির্মাণের পর সংশ্লিষ্ট আবাসন কমপ্লেক্সে আরও কয়েকটি ফ্ল্যাট কেনার জন্য ১০০ কোটি রুপির বেশি বিনিয়োগ করেছেন আমির। বেলা ভিস্তা ও মেরিনা অ্যাপার্টমেন্টস নিয়ে গঠিত কমপ্লেক্সটির কয়েকটি ফ্ল্যাট একত্র করে বড় একটি ‘স্কাই ভিলা’ তৈরির পরিকল্পনা রয়েছে তাঁর। সেখানে পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে থাকার ইচ্ছা রয়েছে অভিনেতার।

তবে নতুন বাসায় কবে উঠবেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানা যায়নি। পুনর্নির্মাণের কাজ শেষ হলে ভবিষ্যতে ওই কমপ্লেক্সেই পরিবারের জন্য বড় পরিসরের আবাসস্থল গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে।

0 Response to "বিয়ের কয়েক মাসের মধ্যেই ভাড়া বাড়ি ছাড়ছেন আমির খান ও গৌরী"

একটি মন্তব্য পোস্ট করুন