স্লোভেনিয়ায় অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক ২০ বাংলাদেশি
ইউরোপের দেশ স্লোভেনিয়ায় অনিয়মিতভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে বাংলাদেশিসহ ১৪৭ জন অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। গত ১৬ থেকে ১৯ অক্টোবরের মধ্যে ব্রেজিসে ও চেরনোমেলজ পুলিশ স্টেশন এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মোট ২০ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
স্লোভেনিয়া পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত ও আইনি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।
দুই পুলিশ স্টেশন এলাকায় অভিযান, আটক ১৪৭ জন
ব্রেজিসে পুলিশ স্টেশন এলাকার ওব্রেজে, দোবোভা, রিগোনৎসে, ভেলিকি ওব্রেজ, কাপেলে ও লোচে অঞ্চলে অভিযান চালিয়ে ৮১ জনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিদের মধ্যে ২৯ জন আফগানিস্তানের, ১২ জন মিসরের, ১০ জন পাকিস্তানের, সাতজন বাংলাদেশের, পাঁচজন সুদানের, চারজন নেপালের, দুজন আলজেরিয়ার, দুজন জর্ডানের, দুজন ইয়েমেনের, চারজন ইরাকের এবং দুজন সোমালিয়ার নাগরিক। এ ছাড়া মরক্কো ও ফিলিস্তিনের একজন করে নাগরিক রয়েছেন।
অন্যদিকে, চেরনোমেলজ পুলিশ স্টেশন এলাকার ভিনিৎসা, পোদক্লানেত্স, মারিন্দোল, রাস্ট প্রি ভিনিৎসি, বোইয়ানৎসি ও বালকোভৎসি অঞ্চলে অভিযান চালিয়ে আরও ৬৬ জনকে আটক করা হয়।
এ দফায় আটক ব্যক্তিদের মধ্যে ১৯ জন সুদানের, ১৮ জন আফগানিস্তানের, ১৫ জন পাকিস্তানের, ১৩ জন বাংলাদেশের এবং একজন নেপালের নাগরিক রয়েছেন।
দুই এলাকার অভিযানে মোট ১৪৭ জন অভিবাসী আটক হয়েছেন। তাঁদের মধ্যে বাংলাদেশির সংখ্যা ২০ জন। আটক ব্যক্তিদের বিষয়ে পুলিশের তদন্ত ও আইনগত কার্যক্রম এখনো শেষ হয়নি।
বলকান রুটে অভিবাসীর সংখ্যা কমেছে
ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ১২ হাজার ৫০০ জনের বেশি মানুষ বলকান রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশের চেষ্টা করেছেন। তবে ২০২৪ সালের তুলনায় এই সংখ্যা ৪২ শতাংশ কমেছে।
ইউরোপে প্রবেশের অন্যতম অভিবাসন পথ হিসেবে বলকান রুট দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। এ পথে বিভিন্ন দেশ অতিক্রম করে অভিবাসীরা ইউরোপের অন্যান্য অঞ্চলে যাওয়ার চেষ্টা করেন
0 Response to "স্লোভেনিয়ায় অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক ২০ বাংলাদেশি"
একটি মন্তব্য পোস্ট করুন