মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে তর্ক, দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার
প্রতিপক্ষের সঙ্গে তর্কের সময় হাত দিয়ে মুখ ঢেকে রাখার ঘটনায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র। ব্রাজিলের ক্রীড়া বিচার সংস্থা সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিস (এসটিজেডি) বুধবার (২৮ অক্টোবর) এই শাস্তির ঘোষণা দেয়। এর ফলে আগে পাওয়া হলুদ কার্ডের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞাসহ সান্তোসের হয়ে টানা তিন ম্যাচ খেলতে পারবেন না এই ফরোয়ার্ড।
গত শনিবার ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে বাহিয়ার বিপক্ষে সান্তোসের ১-১ গোলে ড্র করা ম্যাচে এ ঘটনা ঘটে। বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে বিবাদের একপর্যায়ে মুখ ঢেকে রাখেন নেইমার। এ ঘটনায় তাঁকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
কেন শাস্তি পেলেন নেইমার?
এসটিজেডির মতে, মাঠে প্রতিপক্ষের সঙ্গে বিবাদের সময় মুখ ঢেকে রাখার মাধ্যমে নেইমার ‘ভিনিসিয়ুস জুনিয়র প্রোটোকল’ নামে পরিচিত নিয়ম লঙ্ঘন করেছেন। মাঠে খেলোয়াড়দের মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে কথা বলা নিষিদ্ধ করার উদ্দেশ্য হলো, এমন পরিস্থিতিতে কী বলা হচ্ছে তা আড়াল করার সুযোগ কমানো।
ব্রাজিলের এই ক্রীড়া বিচার সংস্থার শুনানিতে রেফারির প্রতিবেদনের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, লাল কার্ড দেখার পর নেইমার প্রতিপক্ষের বেঞ্চের দিকে ছুটে যান এবং আবারও বিবাদে জড়ানোর চেষ্টা করেন। পরে সতীর্থরা তাঁকে আটকে রাখেন।
তিন ম্যাচ বাইরে, আপিলের সুযোগ রয়েছে
বাহিয়ার বিপক্ষে ম্যাচে নেইমার একটি হলুদ কার্ডও পেয়েছিলেন। সেটি ছিল চলতি প্রতিযোগিতায় তাঁর তৃতীয় হলুদ কার্ড, ফলে নিয়ম অনুযায়ী একটি ম্যাচে স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা কার্যকর হয়। এর সঙ্গে মুখ ঢেকে রাখার ঘটনায় পাওয়া দুই ম্যাচের শাস্তি যোগ হওয়ায় সব মিলিয়ে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নেইমার ও তাঁর ক্লাব সান্তোসের আপিল করার সুযোগ রয়েছে। আপিলের ফল কী হবে, তা এখনো নিশ্চিত নয়। শাস্তি বহাল থাকলে নভেম্বরের শেষ ভাগের আগে মাঠে ফেরা কঠিন হতে পারে ব্রাজিলের এই তারকার।
গত কয়েক মাসে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে নতুন নিয়ম প্রয়োগের ঘটনায় দ্বিতীয়বার আলোচনায় এলেন নেইমার। এর আগে গোলরক্ষকদের সময়ক্ষেপণ কমাতে পরীক্ষামূলকভাবে চালু করা নিয়মের আওতায় সাময়িকভাবে মাঠের বাইরে যেতে হয়েছিল তাঁকে।
0 Response to "মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে তর্ক, দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার"
একটি মন্তব্য পোস্ট করুন