রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা এনসিপির, দুই বাংলাদেশিসহ ১২ জন নিহতের দাবি

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা এনসিপির, দুই বাংলাদেশিসহ ১২ জন নিহতের দাবি


 সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, এ ঘটনায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। নিহতদের মধ্যে ধর্মীয় সফরে যাওয়া যাত্রী থাকতে পারেন—এমন আশঙ্কায় গভীর উদ্বেগও জানিয়েছে দলটি।

রোববার (১১ অক্টোবর) এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক সেলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা ও শোক প্রকাশ করা হয়। বিবৃতিতে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে দলটি।

বিবৃতিতে এনসিপি বাংলাদেশি নাগরিকদের জরুরি সহায়তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ও সৌদি আরব সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। হামলায় কোনো বাংলাদেশি নিহত হয়ে থাকলে তাঁদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

এ ছাড়া বিমান চলাচলে বিঘ্নের কারণে আটকে পড়া হজ ও ওমরাহযাত্রীসহ সব যাত্রীর নিরাপত্তা, থাকা-খাওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি। বিদেশে বিপদে পড়া বাংলাদেশিদের দ্রুত সহায়তা দেওয়া এবং তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করাও গুরুত্বপূর্ণ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এনসিপি বলেছে, বেসামরিক নাগরিক, ধর্মীয় সফরে থাকা মানুষ এবং বেসামরিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখা এবং আঞ্চলিক উত্তেজনা কমাতে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ধরনের সহিংস ঘটনায় সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা হুমকির মুখে পড়ে। তাই ক্ষতিগ্রস্তদের সহায়তা, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ভবিষ্যতে বেসামরিক মানুষের প্রাণহানি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

0 Response to "রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা এনসিপির, দুই বাংলাদেশিসহ ১২ জন নিহতের দাবি"

একটি মন্তব্য পোস্ট করুন