এনসিপির কমিটিতে ৩০ বছরের কম বয়সীদের না রাখার নির্দেশনা
শিক্ষার্থী ও তরুণদের জন্য আলাদা সংগঠনে কাজের নির্দেশনা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কমিটি গঠনে বয়স ও শিক্ষার্থী পরিচয়ের ভিত্তিতে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, জেলা থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত দলের কোনো কমিটিতে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের রাখা যাবে না। তাঁদের দলটির অঙ্গসংগঠন ছাত্রশক্তিতে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া ৩০ বছরের কম বয়সী কাউকে এনসিপির মূল সাংগঠনিক কমিটিতে না রাখার কথা বলা হয়েছে। তবে যাঁরা ৩০ বছরের কম বয়সী কিন্তু বর্তমানে শিক্ষার্থী নন, তাঁরা যুবশক্তি, স্বেচ্ছাসেবক শক্তিসহ দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনে কাজ করবেন।
বুধবার (২৮ অক্টোবর) ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন এবং এনসিপি-সমর্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী নির্ধারণসংক্রান্ত দিকনির্দেশনায় এসব বিষয় উল্লেখ করা হয়।
ইউনিয়ন কমিটি গঠনে সময়সীমা ও সদস্যসংখ্যা
নির্দেশনা অনুযায়ী, জেলা কমিটির তত্ত্বাবধানে এবং উপজেলা কমিটির নেতৃত্বে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। ইউনিয়ন কমিটি ৩১ থেকে ৫১ সদস্যের হলে সেটিকে পূর্ণাঙ্গ কমিটি হিসেবে গণ্য করা হবে। সদস্যসংখ্যা ৩১ জনের কম হলে তা আংশিক কমিটি হিসেবে প্রকাশ করতে হবে। তবে আংশিক কমিটিতে অন্তত ১১ জন সদস্য থাকতে হবে এবং কমিটি প্রকাশের ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
ইউনিয়ন কমিটিতে প্রতিটি ওয়ার্ড থেকে সমতার ভিত্তিতে সদস্য অন্তর্ভুক্ত করার নির্দেশনা রয়েছে। পাশাপাশি নারী, ভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব জনসংখ্যার অনুপাতে নিশ্চিত করার চেষ্টা করতে বলা হয়েছে।
ইউনিয়ন আহ্বায়ক হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। তবে ৪০ বছর বা তার বেশি বয়সীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। সদস্যসচিব পদের জন্য ন্যূনতম বয়স ৩০ বছর। স্থানীয়ভাবে পরিচিত, মানুষের কাছে গ্রহণযোগ্য, সৎ, দেশপ্রেমিক, সচ্ছল ও সুশিক্ষিত ব্যক্তিদের নেতৃত্বে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনাও রয়েছে।
চেয়ারম্যান প্রার্থী বাছাই ও কমিটির কাঠামো
এনসিপি-সমর্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারণ করতে হবে। প্রার্থীদের তালিকা জেলা কমিটির মাধ্যমে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা পাঠানোর জন্য তিনটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে—প্রথম ধাপে ১০ নভেম্বর, দ্বিতীয় ধাপে ২০ নভেম্বর এবং শেষ ধাপে ৩০ নভেম্বর।
দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নীতিমালা অনুযায়ী, মহানগর ও জেলা কমিটি হবে ১০১ সদস্যের। উপজেলা, পৌরসভা ও থানা কমিটি হবে ৭১ সদস্যের। ইউনিয়ন কমিটির সদস্যসংখ্যা হবে ৫১ এবং ওয়ার্ড কমিটি হবে ৩১ সদস্যের।
নতুন নির্দেশনার মাধ্যমে এনসিপি মূল কমিটির নেতৃত্ব নির্বাচন, তরুণদের অঙ্গসংগঠনে সম্পৃক্ত করা এবং ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কাঠামো গঠনের জন্য বয়সসীমা, সদস্যসংখ্যা ও সময়সীমা নির্ধারণ করেছে।
0 Response to "এনসিপির কমিটিতে ৩০ বছরের কম বয়সীদের না রাখার নির্দেশনা"
একটি মন্তব্য পোস্ট করুন