নেতাকর্মীদের সবাই সরকারের অংশ, মন্ত্রী-এমপি হওয়ার অপেক্ষা নয়: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি এখন ক্ষমতায় থাকায় দলের প্রত্যেক নেতাকর্মী সরকারের অংশ। সবাইকে মন্ত্রী-এমপি হতে হবে—এমন কোনো বিষয় নেই। সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন এবং সেগুলো জনগণের কাছে তুলে ধরাই নেতাকর্মীদের প্রধান দায়িত্ব।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় থাকায় এখন নেতাকর্মীদের আর কিছু পাওয়ার অপেক্ষায় থাকার প্রয়োজন নেই। তিনি বলেন, ‘আমি, আপনি, আপনারা—আমাদের প্রত্যেকেই সরকারের অংশ। প্রত্যেকেরই পদ পেতে হবে, তা নয়।’
তিনি আরও বলেন, বিএনপি সরকারে থাকায় নেতাকর্মীরা এখন নির্বিঘ্নে কথা বলতে ও চলাফেরা করতে পারছেন। অতীতে মহিলা দলের নেতাকর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের বিভিন্ন নেত্রীর রাজনৈতিক নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে রিজভী বলেন, অতীতে তাদের বহুবার গ্রেপ্তার করা হয়েছে, কারাগারে পাঠানো হয়েছে এবং ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এসব ঘটনা নেতাকর্মীদের মনে রাখার আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, বিএনপির নেতৃত্বাধীন সরকারে মহিলা দলের নেতাকর্মীদেরও অংশ রয়েছে। সংগঠনের প্রতিনিধিরা সংসদ সদস্য ও মন্ত্রী হয়েছেন। এটিকে দলের নেতাকর্মীদের জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেন তিনি।
সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে মহিলা দলের নেতাকর্মীদের বিস্তারিত জানার ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, এসব উদ্যোগ জনগণের কাছে তুলে ধরতে হবে। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা এবং নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার কর্মসূচি সম্পর্কে মানুষকে জানাতে হবে।
‘ফ্যামিলি কার্ড’ প্রসঙ্গে তিনি বলেন, অসহায় ও দুস্থ পরিবারের নারীদের এই কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়নের জন্য নারীদের শিক্ষিত হওয়ার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। সরকার এ দুটি ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
অতীতের রাজনৈতিক আন্দোলনের কথা স্মরণ করে রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের বাধা, মামলা, রিমান্ড ও গ্রেপ্তারের মধ্যেও মহিলা দলের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করেছেন। এখন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গণমুখী ও নারীর ক্ষমতায়নমূলক কর্মসূচি বাস্তবায়নে তাদের ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, দলের নেতাকর্মীদের জানতে হবে বিএনপি বা বিএনপির জোট সরকার দেশের মানুষের আর্থিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের জন্য কী কী উদ্যোগ নিয়েছে। এসব কর্মসূচি সম্পর্কে ভালোভাবে জেনে জনগণের কাছে তা তুলে ধরতে হবে।
পরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালির উদ্বোধন ঘোষণা করেন রিজভী। এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই: