ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক

ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক


 ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ ও গবেষক ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক।

নতুন স্বতন্ত্র পরিচালককে স্বাগত জানিয়ে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, ব্যাংকটি প্রবৃদ্ধি ও রূপান্তরের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এ সময়ে কার্যকর সুশাসন ও কৌশলগত তদারকি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি বলেন, গবেষণা, উন্নয়ন, শিক্ষা ও নীতি প্রণয়নে ড. রাজ্জাকের বিস্তৃত অভিজ্ঞতা ব্যাংকের পরিচালনা পর্ষদকে সমৃদ্ধ করবে। তার দিকনির্দেশনা ব্যাংকের কৌশলগত পরিকল্পনা ও সুশাসন কাঠামো শক্তিশালী করার পাশাপাশি দীর্ঘমেয়াদে অংশীজনদের জন্য মূল্য সৃষ্টি করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক অর্থনীতি, গবেষণা, উন্নয়ন ও জননীতি নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘদিন কাজ করেছেন। বর্তমানে তিনি ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। সেখানে হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড পলিসি হিসেবে বাণিজ্যনীতি ও বৈশ্বিক অ্যাডভোকেসি-সংক্রান্ত কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগেও শিক্ষকতা করেছেন।

সাব-সাহারা আফ্রিকা, দক্ষিণ এশিয়া, ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতিসহ বিভিন্ন দেশের গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রমে তার অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের উন্নয়ন, নীতি বিশ্লেষণ ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রমেও তিনি যুক্ত ছিলেন।

বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ড. রাজ্জাকের। তিনি একাধিকবার জি-২০ ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপে কারিগরি উপস্থাপনা করেছেন। যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব লর্ডস ও হাউস অব কমন্সের বিভিন্ন কমিটির সামনেও তাকে এভিডেন্স উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশের উন্নয়ন চ্যালেঞ্জ নিয়ে গবেষণা ও নীতি বিশ্লেষণেও দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। তার কাজের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে এলডিসি থেকে উত্তরণ ও পরবর্তী প্রস্তুতি, বাণিজ্য ও রপ্তানি সক্ষমতা, সামাজিক নিরাপত্তা, শ্রমবাজার, দারিদ্র্য ও বৈষম্য, আর্থিক অন্তর্ভুক্তি, অভিবাসন ও রেমিট্যান্স এবং সামষ্টিক অর্থনীতি।

বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক, জাতিসংঘ ও বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের নীতি গবেষণায়ও তিনি নেতৃত্ব ও অবদান রেখেছেন। এলডিসি উত্তরণ, সামাজিক নিরাপত্তা সংস্কার ও আর্থিক অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়েও তার কাজের অভিজ্ঞতা রয়েছে।

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে খণ্ডকালীন অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ড. রাজ্জাক যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার অব সোশ্যাল সায়েন্স ডিগ্রি অর্জন করেছেন। তার নামে বিভিন্ন বই, গবেষণা নিবন্ধ ও নীতিনির্ধারণী পেপার প্রকাশিত হয়েছে।

0 Response to "ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক"

একটি মন্তব্য পোস্ট করুন