নতুন রূপে সিরি, আইফোনের পর্দা বুঝে কাজ করবে অ্যাপলের এআই সহকারী
আইফোনের কণ্ঠনির্ভর সহকারী সিরিকে আরও উন্নত ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর করে তুলছে অ্যাপল। নতুন সংস্করণে শুধু প্রশ্নের উত্তর দেওয়া নয়, আইফোনের পর্দায় থাকা তথ্য বুঝে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অ্যাপে কাজ করার সক্ষমতা যুক্ত করা হচ্ছে।
অ্যাপলের নতুন আইওএস ২৭-এর অংশ হিসেবে সিরির এই পরিবর্তিত সংস্করণ চালু করার পরিকল্পনা রয়েছে। ব্যবহারকারীর বার্তা, ক্যালেন্ডারসহ বিভিন্ন অ্যাপে থাকা তথ্য বিশ্লেষণ করে ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেওয়ার সুবিধাও থাকবে নতুন সিরিতে।
সিরির মূল ধারণার সঙ্গে যুক্ত ছিলেন ড্যাগ কিটলস, অ্যাডাম শেয়ার ও টম গ্রুবার। ২০০৭ সালে তারা একটি নতুন উদ্যোগ শুরু করেন। এর আগে স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে তারা এমন একটি প্রযুক্তি নিয়ে কাজ করেছিলেন, যার লক্ষ্য ছিল প্রচলিত সার্চ ইঞ্জিনের মতো শুধু তথ্য খুঁজে দেওয়া নয়, বরং ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করা।
অ্যাডাম শেয়ার এই ধারণাকে ‘ডু ইঞ্জিন’ হিসেবে ব্যাখ্যা করেছিলেন। অর্থাৎ ব্যবহারকারী কী জানতে চান, তা খুঁজে দেওয়ার পাশাপাশি তিনি যে কাজটি করতে চান সেটিও সম্পন্ন করাই ছিল মূল উদ্দেশ্য।
বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যাপল ২০১০ সালে ২০ কোটি ডলারের বেশি অর্থের বিনিময়ে সিরি অধিগ্রহণ করে। পরের বছর আইফোন ৪এস-এর সঙ্গে প্রথমবার সিরিকে যুক্ত করে প্রতিষ্ঠানটি।
তবে দীর্ঘ সময় ধরে সিরির ব্যবহার মূলত অ্যালার্ম সেট করা, গান চালানো কিংবা সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার মতো কাজেই সীমাবদ্ধ ছিল। নতুন সংস্করণের মাধ্যমে সেই সীমাবদ্ধতা কাটিয়ে সিরিকে আরও কার্যকর এআই সহকারী হিসেবে গড়ে তুলতে চায় অ্যাপল।
নতুন সিরি আইফোনের পর্দায় থাকা তথ্য বুঝতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অ্যাপের সঙ্গে কাজ করতে পারবে। ব্যবহারকারীর মেসেজ, ক্যালেন্ডার ও অন্যান্য অ্যাপের তথ্যও নির্দিষ্ট পরিস্থিতিতে কাজে লাগানো যাবে।
পরীক্ষামূলক সংস্করণ নিয়ে করা প্রতিবেদনে দেখা গেছে, নতুন সিরি বার্তা অ্যাপে থাকা তথ্য থেকে আসন্ন দাঁতের চিকিৎসার সময়সূচি খুঁজে বের করতে পারে। বন্ধুর পাঠানো বার্তায় উল্লেখ করা কোনো ব্যান্ড সম্পর্কেও অতিরিক্ত তথ্য খুঁজে দিতে পারে। এমনকি ইনস্টাগ্রামে দেখা কোনো খাবারের রেসিপি পরে দেখার জন্য সংরক্ষণ করার মতো কাজও করতে পারে।
ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে অ্যাপল। এজন্য প্রতিষ্ঠানটির ‘প্রাইভেট ক্লাউড কম্পিউট’ ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। আইফোনে কোনো এআই কাজ সম্পন্ন করা সম্ভব না হলে প্রয়োজনীয় তথ্যের নির্দিষ্ট অংশ অ্যাপলের সার্ভারে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
তবে এআইনির্ভর নতুন সিরিকে ঘিরে অ্যাপ নির্মাতাদের সঙ্গে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে। ব্যবহারকারীরা যদি সিরির মাধ্যমে সরাসরি কেনাকাটা, রেস্তোরাঁয় বুকিং বা ভ্রমণের ব্যবস্থা করতে পারেন, তাহলে প্রতিটি কাজের জন্য আলাদা অ্যাপ খোলার প্রয়োজন কমে যেতে পারে।
সিরি, গুগলের জেমিনি বা চ্যাটজিপিটির মতো এআই সহকারীরা ব্যবহারকারীর হয়ে সরাসরি বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারলে অ্যাপ ব্যবহারের প্রচলিত পদ্ধতিতেও পরিবর্তন আসতে পারে। সিরির অন্যতম নির্মাতা ড্যাগ কিটলসের মতে, এর ফলে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নতুন ধরনের টানাপোড়েন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে সিরির নির্মাতাদের কাছে এর মূল লক্ষ্য এখনো আগের মতোই রয়েছে—ব্যবহারকারীর হয়ে শুধু তথ্য খোঁজা নয়, প্রয়োজনীয় কাজও সম্পন্ন করা। দীর্ঘদিনের সেই ধারণাকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বাস্তবে আরও কার্যকরভাবে রূপ দেওয়ার চেষ্টা করছে অ্যাপল।
0 Response to "নতুন রূপে সিরি, আইফোনের পর্দা বুঝে কাজ করবে অ্যাপলের এআই সহকারী"
একটি মন্তব্য পোস্ট করুন