নাটকের ‘ফুফু’ দীপা খন্দকার, চরিত্র বদলেই পাচ্ছেন দর্শকের ভালোবাসা
টেলিভিশন নাটকের পরিচিত মুখ দীপা খন্দকার বর্তমানে অভিনয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। একসময় নায়িকা চরিত্রে দর্শকদের মন জয় করা এই অভিনেত্রী এখন বয়স ও বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে বোন, ভাবি, খালা, ফুফু কিংবা মায়ের মতো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন।
সাম্প্রতিক সময়ে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক নাটকে ফুফু চরিত্রে অভিনয় করে বিশেষভাবে আলোচনায় এসেছেন দীপা খন্দকার। চরিত্রটি দর্শকদের মধ্যে এতটাই জনপ্রিয় হয়েছে যে বাস্তব জীবনেও অনেকে তাকে ‘ফুফু’ বলে ডাকতে শুরু করেছেন।
এক সাক্ষাৎকারে দীপা খন্দকার জানান, চরিত্রটি এতটা জনপ্রিয় হবে বলে তিনি নিজেও ভাবেননি। এখন বাইরে বের হলে অনেকেই তার আসল নামের পরিবর্তে ‘ফুফু’ বলে সম্বোধন করেন।
পর্দায় বয়স ও চরিত্র পরিবর্তনের বিষয়ে এই অভিনেত্রীর দৃষ্টিভঙ্গিও বেশ স্পষ্ট। তার মতে, বয়স এবং জীবনের পর্যায় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পর্দায় চরিত্রের পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। বাস্তব জীবনে একজন মানুষ যে পর্যায়ে থাকেন, পর্দায়ও সেই বয়স ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চরিত্র উপস্থাপন করা উচিত বলে মনে করেন তিনি।
বর্তমানে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন দীপা খন্দকার। এর পাশাপাশি ‘বকুলপুর’, ‘ফ্যামিলি এক্সপ্রেস’ ও ‘কর্মফল’সহ আরও কয়েকটি নাটকের কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি।
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে কাজ করেছেন দীপা। নায়িকা থেকে শুরু করে পারিবারিক ও পার্শ্বচরিত্র—প্রতিটি পর্যায়েই নিজের অভিনয় দিয়ে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা ধরে রেখেছেন তিনি।
ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় নিয়ে এবার কথা বলেছেন আগামীর সময়ের অনুষ্ঠান ‘স্টার স্টোরিজ’-এ। পান্থ আফজালের সঞ্চালনায় অনুষ্ঠানটি বৃহস্পতিবার রাত ৮টায় প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রচার হওয়ার কথা রয়েছে।
0 Response to "নাটকের ‘ফুফু’ দীপা খন্দকার, চরিত্র বদলেই পাচ্ছেন দর্শকের ভালোবাসা"
একটি মন্তব্য পোস্ট করুন