প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে চাকরিপ্রত্যাশীদের সড়ক অবরোধ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে চাকরিপ্রত্যাশীদের সড়ক অবরোধ


 প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশীরা। শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার পর শুরু হওয়া এ কর্মসূচির কারণে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

বিক্ষোভ চলাকালে চাকরিপ্রত্যাশীরা ‘প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘বিচার চাই, প্রশ্ন ফাঁসের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগও দাবি করেন।

পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।

ঢাকা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এক চাকরিপ্রত্যাশী জানান, সকাল ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পার হয়ে যায়। পরীক্ষার প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে বিভ্রান্তির মধ্যে কিছুক্ষণ পর সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে পরীক্ষা না হওয়ার বিষয়টি জানান। তার দাবি, পরীক্ষার আগে ফেসবুকে ছড়িয়ে পড়া প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নের মিল ছিল।

ওই পরীক্ষার্থীর ভাষ্য, দেশের বিভিন্ন স্থান থেকে অনেক প্রার্থী ঢাকায় এসেছেন। যাতায়াত, থাকা ও খাবারের জন্য অনেকের দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ায় তারা আর্থিক ক্ষতি ও মানসিক ভোগান্তির মুখে পড়েছেন।

বিক্ষোভকারীরা প্রশ্নফাঁসের অভিযোগ দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) আবু মোহাম্মদ কাউসার জানান, নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে পরীক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, শনিবার সকাল ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে ১১তম গ্রেডের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে তিন লাখের বেশি প্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এ জন্য রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।

0 Response to "প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে চাকরিপ্রত্যাশীদের সড়ক অবরোধ"

একটি মন্তব্য পোস্ট করুন